রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সহিংসতা করে কার্যক্রম নিষিদ্ধ দলের ফেরা সম্ভব না: রাজনৈতিক বিশ্লেষক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০২:৪০ পিএম

সহিংসতা করে কার্যক্রম নিষিদ্ধ দলের ফেরা সম্ভব না: রাজনৈতিক বিশ্লেষক

ছবি: সংগৃহীত

ফারহান ফাইয়াজ; ২৪-এর জুলাই আন্দোলনে রাজপথে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ এক যোদ্ধা। ফাইয়াজ ছিলেন না কোনো রাজনৈতিক দলের কর্মী, না তার পরিবারের কেউ রাজনৈতিক দল করতেন। শহীদ ফাইয়াজরা শুধু চেয়েছিল ফ্যাসিবাদ ও রাজনৈতিক বিভেদমুক্ত বাংলাদেশ।

কিন্তু ফাইয়াজের মতো শহীদদের রক্তের দাগ যেতে না যেতেই দেশজুড়ে শুরু হয়েছে জুলাই গণহত্যায় অভিযুক্ত দলের সহিংসতা ও তাণ্ডব। এ নিয়ে হতাশ শহীদ ফারহান ফাইয়াজের বাবা।

দেশে চলমান সহিংসতার বিষয়ে শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘আজ দেশের এই নৈরাজ্য দেখে আমাদের ক্ষত আরও গভীর হয়ে যায়। কারণ, এ জন্য তো আমার ছেলেরা জীবন দেয়নি, তাই না? পাঁচ বছরও পার হয়নি, এরই মধ্যে আমরা আবার আগের সেই রাজনৈতিক সংস্কৃতি দেখতে পাচ্ছি। আমাদের দেশে জ্বালাও-পোড়াও ও ধ্বংসাত্মক যে রাজনীতি ছিল, সেই রাজনীতিই আবার ফিরে আসতে দেখছি।’

২৪-এর আগস্টের পর দেশে রাজনৈতিক বিভেদের কারণে আওয়ামী লীগ সুযোগ পাচ্ছে মন্তব্য করে, শহীদ পিতার মনে তাই প্রশ্ন, ছেলের রক্ত কি তাহলে বৃথা যাবে?

শহীদুল ইসলাম ভুঁইয়া আরও বলেন, ‘সবচেয়ে বেশি খারাপ লাগে এই বিষয়টি দেখে যে, তৃণমূল পর্যায়ে বিএনপি বলুন বা আওয়ামী লীগ বলুন, এখন মোটামুটি অনেকেই এক হয়ে গেছেন। আমরা এমনটাই দেখতে পাচ্ছি। তাহলে ২৪-এর আন্দোলন কেন হলো? আমাদের ছেলেদের কেন হারাতে হলো?’

নভেম্বর মাস থেকে শুরু হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডবে দেশ থেকে বিচ্ছিন্ন গোপালগঞ্জের দুটি থানা, সরকারি-বেসরকারি অফিস, মানুষের বাড়িঘর এমনকি হাসপাতাল জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনায় উদ্বেগে দেশের রাজনৈতিক বিশ্লেষকরাও।

এদিকে, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক কাজী মাহবুবুর রহমান বলেন, ‘বিএনপির উদার রাজনীতির কারণে দলটি সরকারে থাকলেও বিরোধী দলের মতো আক্রমণের শিকার হয়। আবার বিরোধী দলে গেলে উদার রাজনীতির কারণে সরকারও তাদের ওপর আক্রমণ করে। ফলে বিএনপি দুইভাবেই ভুক্তভোগী হয়। এটি আসলেই অকল্পনীয় যে, সরকারে ক্ষমতায় থাকার পরও বিএনপির নেতাকর্মীরা অভ্যুত্থানবিরোধী শক্তির হাতে নিহত হচ্ছেন।’

সরকারি হিসাবে নভেম্বর মাসেই অন্তত ২৫ জেলায় চোরাগোপ্তা হামলা ও বাড়িঘরে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। এখন প্রশ্ন হলো, জুলাই গণহত্যার দায় মাথায় নিয়ে উল্টো সহিংসতার মাধ্যমে কি ফিরতে পারবে আওয়ামী লীগ?

তিনি আরও বলেন, ‘সহিংসতা করে কেউই ফিরে আসতে পারেনি। আমার মনে হয়, আগের মডেলগুলো এখন আর চলবে না। কারণ, প্রজন্মের পরিবর্তন ঘটেছে। বর্তমানে প্রায় ৪০ শতাংশই জেনারেশন জেড বা জেন জি প্রজন্মের মানুষ।’

অন্যদিকে, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব আজীজ বলেন, ‘সহিংসতা একটি বাস্তবতা। এই বিষয়টিকে সমাধানের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে সরকারই অভিভাবকের দায়িত্ব পালন করবে। সরকার দুই-তৃতীয়াংশ ভোটে বিজয়ী একটি শক্তিশালী সরকার। তাই সরকারের এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। জনগণই ভোট দিয়ে সরকারকে ক্ষমতায় এনেছে।’

শহীদ পরিবারের মতো বিশ্লেষকরাও সবচেয়ে জরুরি মনে করছেন, আওয়ামী লীগ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ঐক্য।


 

দৈনিক মুক্তবাণী

Link copied!