ভিয়ারিয়ালের বিপক্ষে লাল কার্ড দেখার পর চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। শাস্তি কমাতে রিয়াল মাদ্রিদ আপিল করলেও শেষ পর্যন্ত কোনো সুফল মেলেনি। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) আপিল কমিটি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নিষেধাজ্ঞা বহাল রেখেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, রিয়ালের আবেদন সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে।
ভিনিসিয়ুসের চার ম্যাচের নিষেধাজ্ঞার মধ্যে দুটি ম্যাচ মাঠের অপরাধের জন্য, আর বাকি দুটি লাল কার্ড দেখার পর তাঁর তীব্র প্রতিক্রিয়ার কারণে দেওয়া হয়েছিল। এই শাস্তির বিরুদ্ধে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল রিয়াল। অতিরিক্ত দুই ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি চুল টানার ঘটনায় নির্ধারিত শাস্তি কমিয়ে এক ম্যাচে নামিয়ে আনার চেষ্টাও করেছিল তারা। কিন্তু কোনো আবেদনই গ্রহণ করেনি আপিল কমিটি।
বরং মাঠে রেফারির নেওয়া সিদ্ধান্তগুলো সঠিক ছিল বলেই অবস্থান নিয়েছে কমিটি। ফলে আপাতত শাস্তি কমার আশা নেই রিয়ালের। তবে হাল ছাড়তে রাজি নয় স্প্যানিশ ক্লাবটি। পরবর্তী পদক্ষেপ হিসেবে বিষয়টি স্পেনের ক্রীড়া প্রশাসনিক আদালতে (টিএডি) নেওয়ার পরিকল্পনা করছে তারা।
নিষেধাজ্ঞার কারণে সেভিয়া, বার্সেলোনা, রেসিং সান্তান্দার ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের পরবর্তী চার ম্যাচে খেলতে পারবেন না ভিনিসিয়ুস। প্রায় এক মাস পর সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে তাঁর মাঠে ফেরার কথা। এর আগে তাঁকে শুধু চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলোতেই পাওয়া যাবে।
ভিনিসিয়ুসের অনুপস্থিতিতে বাঁ প্রান্তে শুরুর একাদশে সুযোগ মিলতে পারে ইয়ান দিওমান্দের। কোচ হোসে মরিনিয়োর আস্থা অর্জন এবং নিজের সামর্থ্য প্রমাণের জন্য এটি হতে পারে তাঁর বড় সুযোগ।
