রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ০৯:৪২ এএম

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

সাইমন হারমারের ঘূর্ণিতে দিশেহারা অস্ট্রেলিয়া। তার ক্যারিয়ারসেরা বোলিংয়ে তৃতীয় টেস্টে ১৭৬ রানের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে প্রোটিয়ারা। একই সঙ্গে আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষস্থান থেকেও অস্ট্রেলিয়াকে সরিয়ে দিয়েছে তারা।

শনিবার নিউল্যান্ডসে ম্যাচের পঞ্চম দিনে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে মাত্র ১১১ রানে গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। ১৬ রান খরচায় ৬ উইকেট নেন ৩৭ বছর বয়সী অফস্পিনার হারমার।
দুই ইনিংস মিলিয়ে তার শিকার ১০ উইকেট, খরচ করেছেন ১২০ রান। টেস্ট ক্যারিয়ারে এই প্রথম এক ম্যাচে ১০ উইকেট পেলেন তিনি।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩২৯ রানের জবাবে ৪২৯ রান করেছিল অস্ট্রেলিয়া। ১০০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। উইয়ান মুল্ডার ও রায়ান রিকেলটনের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৩৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা। তাতে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮৮ রান।

চতুর্থ দিনের শেষ ভাগে পাওয়া সেই লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিনের সকালে বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগেই ৬০ রানে ৭ উইকেট হারিয়ে বসে তারা। শেষ পর্যন্ত ১১১ রানেই থামে অস্ট্রেলিয়ার ইনিংস।

দক্ষিণ আফ্রিকার হয়ে হারমারের পাশাপাশি বল হাতে উজ্জ্বল ছিলেন কাগিসো রাবাদাও। শনিবার ৩৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। তাতে টেস্ট ক্যারিয়ারে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এই পেসার।

সিরিজের প্রথম টেস্টে ডারবানে ২১৪ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর গকেবেরহায় দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৩১ রানের জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। এবার নিউল্যান্ডসে তৃতীয় টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নিল প্রোটিয়ারা।

জেএইচ

Link copied!