বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

লাল কার্ড দেখেও নায়ক কুনহা, ১০ জনের ম্যানইউর অবিশ্বাস্য জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ১১:৩৫ এএম

লাল কার্ড দেখেও নায়ক কুনহা, ১০ জনের ম্যানইউর অবিশ্বাস্য জয়

দুই গোলে পিছিয়ে, গ্যালারিতে সমর্থকদের ক্ষোভ, মাঠে হারের শঙ্কা—সব মিলিয়ে ওল্ড ট্রাফোর্ডে তখন অন্ধকারের ছবি। কিন্তু বিরতির পর বদলে গেল দৃশ্যপট। ব্রুনো ফার্নান্দেসের পেনাল্টিতে শুরু, আর ম্যাথিউস কুনহার জোড়া গোলে পূর্ণতা পেল অবিশ্বাস্য প্রত্যাবর্তন। শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-২ গোলের জয় এনে দিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে শুরুটা ছিল ইউনাইটেডের জন্য দুঃস্বপ্নের মতো। ১১ মিনিটে মাতিয়াস সোলে এবং ১৭ মিনিটে পেনাল্টি থেকে ডনিয়েল মালেনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রোমা। প্রথমার্ধে গোল শোধ করতে না পেরে বিরতিতে যায় স্বাগতিকেরা। গ্যালারিতে তখন মালিক গ্লেজার পরিবারের বিরুদ্ধে সমর্থকদের প্রতিবাদও চলছিল। দুই গোল হজমের পর মাঠে টেনিস বল ছুড়ে ক্ষোভ প্রকাশ করেন সমর্থকদের একাংশ।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে ইউনাইটেড। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান অধিনায়ক ফার্নান্দেস। রোমার খেলোয়াড়দের আগেভাগে বক্সে ঢুকে পড়ার কারণে প্রথমবারের পেনাল্টি ঠেকিয়েও লাভ হয়নি গোলরক্ষক দেভিস ভাসকেজের। দ্বিতীয়বার আর ভুল করেননি পর্তুগিজ মিডফিল্ডার।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইউনাইটেড। ৮৩ মিনিটে রোমার রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে সমতা ফেরান কুনহা। তিন মিনিট পর শিয়া লেসির পাস পেয়ে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।

তবে গোল উদ্‌যাপনে জার্সি খুলে হলুদ কার্ড দেখার পর যোগ করা সময়ে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড পান কুনহা। শেষ মুহূর্তে ১০ জনের দলে পরিণত হলেও জয় হাতছাড়া হতে দেয়নি ইউনাইটেড।

এই জয়ে টানা নয় ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জয়ের দেখা পেল মাইকেল ক্যারিকের দল। স্বস্তির তিন পয়েন্টের পাশাপাশি কুনহার পারফরম্যান্সে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার উপলক্ষও পেল ওল্ড ট্রাফোর্ড।

এম/আই

Link copied!