ফুটবল মাঠে স্বপ্ন পূরণের লড়াইয়ে নেমেছিলেন ১৬ বছরের আবেল নুনেজ। কিন্তু একটি সংঘর্ষ কেড়ে নিল তার প্রাণ। আর্জেন্টিনার বয়সভিত্তিক ফুটবল ম্যাচে মাথায় গুরুতর আঘাত পাওয়ার দুই দিন পর মারা গেছে এই কিশোর ফুটবলার। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশটির ফুটবল অঙ্গনে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার পঞ্চম বিভাগের যুব ফুটবল প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল আবেলের ক্লাব এফসি এজেইজা ও মুনিজ। ম্যাচ চলাকালে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পায় সে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। তবে চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে ঘটনার দুই দিন পর পৃথিবী থেকে বিদায় নেয় এই তরুণ।
মাঠের দুর্ঘটনার পরই আবেলের ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমে তার গুরুতর মাথার আঘাতের বিষয়টি জানায়। অস্ত্রোপচারের কথাও উল্লেখ করে সমর্থকদের কাছে তার সুস্থতার জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছিল ক্লাবটি। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
আবেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও সমবেদনার বার্তা জানাতে থাকেন আর্জেন্টিনার ফুটবলপ্রেমী ও খেলোয়াড়েরা। ক্লাব এফসি এজেইজাও এক আবেগঘন বিবৃতিতে জানায়, এমন একজন তরুণকে বিদায় জানাতে হচ্ছে, যার সামনে পড়ে ছিল পুরো জীবন। তার মৃত্যুতে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।
ক্লাবটির বিবৃতিতে বলা হয়, নিজেদের জার্সি গায়ে মাঠে খেলতে নেমেই গুরুতর আঘাত পেয়েছিল আবেল। তার বিদায়ে ফুটবল এখন তাদের কাছে গৌণ। স্বপ্ন ও প্রত্যাশায় ভরা এই তরুণ শুধু দলের একজন খেলোয়াড় ছিল না, ছিল পরিবারেরই অংশ। স্মৃতিতে সে সব সময় বেঁচে থাকবে।
২০০৮ সালে জন্ম নেয়া আবেলের বাড়ি বৃহত্তর বুয়েনস এইরেস অঞ্চলের এজেইজা শহরে। ফুটবলের পাশাপাশি নিয়মিত ফুটসালও খেলত সে। তার ফুটসাল দল নুয়েভা এস্ত্রেয়াও শোক প্রকাশ করেছে। আবেলের স্মরণে দলটির সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
এদিকে আবেলের ঘনিষ্ঠজনদের শোকের গভীরতা তুলে ধরেছেন তার সবচেয়ে কাছের বন্ধুর বাবা রোমান কোরাল। আর্জেন্টিনার রেডিও লা রেডকে তিনি বলেন, আবেলের সতীর্থরা মানসিকভাবে ভেঙে পড়েছে। এত অল্প বয়সে এমন মৃত্যু মেনে নেয়া তাদের জন্য অত্যন্ত কঠিন।
কোরাল জানান, ১২ বছর বয়স থেকে আবেলকে চেনেন তিনি। নিজের ছেলের সঙ্গে একই স্কুলে পড়ার সময় থেকেই তাদের পরিচয়। আবেলের স্বপ্ন ছিল বড় ফুটবলার হওয়ার।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রতি আহ্বান জানিয়ে কোরাল বলেন, আবেলের স্মরণে যেন এক মিনিট নীরবতা পালন করা হয়। ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নেমে ফুটবল খেলতে খেলতেই তার মৃত্যু হয়েছে। তাই একজন ফুটবলারের প্রাপ্য সম্মান দিয়েই তাকে বিদায় জানানো উচিত।
