ফেনীর ছাগলনাইয়া উপজেলার ছলেমা নজির উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫০ বছরের পুরোনো ভবনে প্রতিদিন এমন ঝুঁকি নিয়েই পাঠদান চলছে। দেয়ালজুড়ে অসংখ্য ফাটল, কোথাও বেরিয়ে এসেছে ইটের গাঁথুনি, নাজুক হয়ে পড়েছে ছাদ। এরই মধ্যে কয়েক দফায় পলেস্তারা খসে শিক্ষক-শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা সবসময় আতঙ্কে থাকে। কখন যেন মাথার ওপর খসে পড়ে ছাদের পলেস্তারা, কখন দেওয়ালের ফাটল ডেকে আনে বড় বিপদ!
শুধু শিক্ষার্থীরাই নয়, প্রতিদিন তাদের সামনে দাঁড়িয়ে পাঠদান করা শিক্ষকরাও রয়েছেন উদ্বেগে।
বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৩০০ শিক্ষার্থী ও ১৪ জন শিক্ষক রয়েছেন। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে শুধু পাঠদানই ব্যাহত হচ্ছে না, শ্রেণিকক্ষে বসে থাকা শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যেও তৈরি হয়েছে স্থায়ী আতঙ্ক।
নবম শ্রেণির শিক্ষার্থী মুনতাহা বিনতে নুর বলেন, ভবনের দেওয়াল ও ছাদে ফাটল থাকায় শ্রেণিকক্ষে বসতে ভয় লাগে। বিশেষ করে পলেস্তারা খসে পড়লে আতঙ্ক আরও বেড়ে যায়। নিরাপদ পরিবেশে ক্লাস করার জন্য দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি তার।
একই শ্রেণির শিক্ষার্থী আবু আল নোমান জানান, ক্লাস চলার সময় ভবনের বিভিন্ন অংশের অবস্থা দেখে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক কাজ করে। ভবনের কোনো অংশ ভেঙে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
শিক্ষার্থী সুলতানা আক্তার জানায়, আমরা স্কুলে থাকলে আমাদের অভিভাবকরাও আতঙ্কে থাকেন। আমাদের একটাই দাবি- দ্রুত নিরাপদ শ্রেণিকক্ষের ব্যবস্থা করা হোক।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার জানান, বিষয়টি জেনেছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
