নোয়াখালীতে বিশেষ আলোচনা ও প্রস্তুতি সভা শেষে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিট থেকে ৮টা পর্যন্ত জেলার মাইজদীতে এ কর্মসূচি পালনের কথা উল্লেখ করেছে নিষিদ্ধ সংগঠনটি। তবে এ বিষয়ে পুলিশের কাছে কোনও তথ্য নেই বলে জানা গেছে ।
এ দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কর্মসূচির একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাইজদীতে সদর হাসপাতালের পেছনে হাসপাতাল রোড এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন হয়। দণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নোয়াখালী জেলা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বিশেষ আলোচনা ও প্রস্তুতি সভা শেষে মিছিল করে। এতে নেতৃত্ব দেন নিষিদ্ধ ঘোষিত নোয়াখালী জেলা ছাত্রলীগের সহসভাপতি ফজলে রাব্বি রবনা।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি এবং ভিডিও দেখেছি। তবে এটি কবের ভিডিও তা নিশ্চিত নই। যারা অনুষ্ঠানে ছিল তাদের কেউ এলাকায় নেই।
