শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সীমিত আয়ের মানুষের খাদ্যনিরাপত্তায় আইন প্রণয়নের দাবি তুলবেন আবু সুফিয়ান

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬, ০৯:৩৪ পিএম

সীমিত আয়ের মানুষের খাদ্যনিরাপত্তায় আইন প্রণয়নের দাবি তুলবেন আবু সুফিয়ান

 জনগণের খাদ্য অধিকার নিশ্চিত করতে জাতীয় সংসদে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবি তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। একই সঙ্গে সীমিত আয়ের মানুষের খাদ্যসংকট নিরসন, খাদ্যের ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ ও পুষ্টিকর খাবারের প্রাপ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত এক গণশুনানি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘শহরের সীমিত আয়ের জনগোষ্ঠীর খাদ্যমূল্য বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে জাতীয় সংসদ সদস্যের সঙ্গে গণশুনানি ও আলোচনা সভা’ শীর্ষক এ আয়োজনে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রার সংকট ও খাদ্যনিরাপত্তার বিষয়গুলো উঠে আসে।
মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণের পরিকল্পনা করছে। প্রান্তিক ও সীমিত আয়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার সুফল অচিরেই জনগণ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, নিম্ন ও সীমিত আয়ের মানুষের জন্য খাদ্যপণ্য কেনা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এ পরিস্থিতিতে খাদ্যের ক্রয়ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা জরুরি। গণশুনানিতে অংশগ্রহণকারীদের উত্থাপিত সমস্যা ও প্রস্তাবগুলো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাসও দেন তিনি।
বিশ্ব খাদ্য দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) বাংলাদেশ, আইএসডিই বাংলাদেশ এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক—প্রাণের সহযোগিতায় এ গণশুনানির আয়োজন করা হয়।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন কলামিস্ট মুসা খান, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মো. সেলিম জাহাঙ্গীর, রাজনীতিবিদ ও সমাজকর্মী মিটুল দাস গুপ্ত, নারী নেত্রী জান্নাতুল ফেরদৌস, সবুজের যাত্রার নির্বাহী পরিচালক সায়েরা বেগম, ক্যাব চান্দগাঁও থানা সভাপতি মো. জানে আলম এবং পাঁচলাইশ থানা সভাপতি এবিএম হুমায়ুন কবিরসহ অন্যরা।
গণশুনানিতে গার্মেন্টসকর্মী, রিকশাচালক, হকার, ফুড ডেলিভারি রাইডার, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ তাঁদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন গার্মেন্টসকর্মী মেহেদী হাসান ইমন ও আকলিমা আক্তার, রিকশাচালক শংকর দত্ত, মো. হানিফ, রাসেল উদ্দিন ও সাইফুল ইসলাম, ফুড ডেলিভারি রাইডার ইয়াছিন আলম, ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ পারভেজ, শিক্ষার্থী আম্মার জাইফুল্লাহ এবং আইএসডিই বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা রাইসুল ইসলাম। এ ছাড়া শ্রমজীবী মানুষ, তরুণ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
সভাপতির বক্তব্যে এস এম নাজের হোসাইন বলেন, খাদ্যের পর্যাপ্ত উৎপাদন থাকলেই মানুষের খাদ্য অধিকার নিশ্চিত হয় না। মানুষের সেই খাদ্য কেনার সামর্থ্য থাকতে হবে এবং নিরাপদ ও পুষ্টিকর খাবার পাওয়ার সুযোগও নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, খাদ্যকে কেবল দাতব্য সহায়তার বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। খাদ্য মানুষের মৌলিক অধিকার এবং তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই খাদ্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর আইন ও প্রয়োজনীয় নীতিগত উদ্যোগ গ্রহণ জরুরি।
 

দৈনিক মুক্তবাণী

Link copied!