পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইলে বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পূবাইল থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার চাকু, একটি ধারালো ছোরা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে পূবাইল থানাধীন করমতলা এলাকার এপিএস গার্মেন্টসের সামনের পাকা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নিয়মিত রাত্রিকালীন টহলের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে পূবাইল থানা-পুলিশের একটি দল। অভিযানকালে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে চারটি ধারালো অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার মরকুন মধ্যপাড়া এলাকার মো. আশরাফ আলী (২৬), কাশিমপুর থানার হাতিমারা এলাকার মেহেদী হাসান রাব্বি (৩৫) ও মো. আনোয়ার হোসেন (৩৬)। এ ছাড়া ১৬ বছর বয়সী এক শিশুকেও গ্রেপ্তার করা হয়েছে। আইনগত কারণে শিশুটির পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, আশরাফ আলীর কাছ থেকে একটি স্টিলের তৈরি সুইচ গিয়ার চাকু, মেহেদী হাসান রাব্বির কাছ থেকে একটি ধারালো চাপাতি, আনোয়ার হোসেনের কাছ থেকে একটি ধারালো ছোরা এবং ওই শিশুর কাছ থেকে আরেকটি স্টিলের তৈরি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রগুলো জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁদের আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠান।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বিশেষ অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।
