শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে গাজীপুর মহানগরীর ১২৮টি পূজামণ্ডপে ৩০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)। পূজা উদযাপন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে এ সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম।
অনুষ্ঠানে মহানগরীর ১২৮টি পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে প্রতিটি মণ্ডপের জন্য ৩০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। এ সহায়তা দুর্গাপূজার আয়োজন, মণ্ডপের ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রধান অতিথি মো. শওকত হোসেন সরকার বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাংলাদেশের ঐতিহ্য। সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের পরিবেশ নিশ্চিত করা জরুরি। শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম পূজা উদযাপন সংশ্লিষ্টদের সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে উৎসব সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা কামনা করেন।
অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের সচিব ফিরোজ আল মামুন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, অঞ্চল -৪ এর নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
