খুলনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) অবস্থানকালে জেলার তেরখাদায় দিনদুপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন যুবদল নেতা মো. রামীম বিশ্বাস (৩২)। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার সেনেরবাজার-মধুপুর সড়কের পারহাজীগ্রামে খান ব্রিকসের কাছে আয়নাল মোল্লার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে এসে পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আহত রামীম বিশ্বাস উপজেলার পারহাজীগ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তিনি মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সকালে পারহাজীগ্রামে ঘটনাস্থলের কাছে একটি ভ্যানে অবস্থান করছিলেন রামীম। এ সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তাঁর পাঁজরে গুলি লাগে। তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
খবর পেয়ে তেরখাদা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। হামলার কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
খুলনা জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।
এদিকে, আইজিপির খুলনায় অবস্থানের মধ্যেই প্রকাশ্য সড়কে একজন রাজনৈতিক সংগঠনের নেতাকে গুলি করার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।
