শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩জন নিহত ও ২জন আহত

যশোর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ১১:৫৩ এএম

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩জন নিহত ও ২জন আহত

যশোরের নতুনহাট বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-যশোর সদর উপজেলার মঙ্গলগতি গ্রামের শামীম হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৮), শহরের শংকরপুর এলাকার আরিফুল ইসলাম জয় এবং আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক (১৭)।

এ ঘটনায় আহতরা হলেন-যশোর শহরের বেজপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে রোহান (১৯) ও যশোর সদর উপজেলার মঙ্গলগতি গ্রামের রুহুল আমিনের ছেলে রিফাত (১৭)

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একই মোটরসাইকেলে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

অপর মোটরসাইকেলটি বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিল। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাদের মধ্যে সিয়াম হোসেন একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন।অপর দুজন বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের আরোহী বলে প্রাথমিকভাবে জানা গেছে। 
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়াম, জয় ও ওমর ফারুককে মৃত ঘোষণা করেন। আহত রোহান ও জয়কে বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক জানান, নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, পাঁচ তরুণ মোটরসাইকেলযোগে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজনই গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ৩জনকে মৃত ঘোষণা করেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নিহত তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিদর্শক কাজী বাবুল হোসেন জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
 

জে/এইচ

Link copied!