গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ নিরসনে একদিনে ১২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। এসব প্রকল্পের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নতুন সড়ক নির্মাণ। শনিবার নগরীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী এসব উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
দিনের প্রথম কর্মসূচিতে ৩ নম্বর ওয়ার্ডের হাতিমারা এলাকায় হাতিমারা-কোনাবাড়ী; আঞ্জুম পাম্প সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রশাসক। প্রায় ৩২ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে সড়কটি ২৪ ফুট প্রশস্ত করে নির্মাণ করা হবে। পাশাপাশি হাতিমারা অংশে ৪০০ মিটার ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। খানাখন্দে ভরা সড়কটি স্থানীয় বাসিন্দা, কর্মজীবী মানুষ ও যানবাহন চালকদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। গুরুত্বপূর্ণ এ সড়কের উন্নয়নকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
দিনব্যাপী কর্মসূচিতে হাতিমারা করিম সুপার মার্কেট থেকে লোহাকৈর মাজার হয়ে আরকে রেডিয়াল ফ্যাক্টরি পর্যন্ত চন্দ্রা-নবীনগর সংযোগ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ ছাড়া রাজাবাড়ী-কবির ফিলিং স্টেশন থেকে বাঘিয়া হাইস্কুল হয়ে নজরুলের বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে তুরাগ নদী পর্যন্ত আরসিসি পাইপ ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
১৪ নম্বর ওয়ার্ডে চান্দপাড়া স্পেশাল গার্মেন্টস সড়ক থেকে মো. রাজ্জাকের বাড়ি হয়ে মোসলেম উদ্দিন স্মরণী পর্যন্ত ইউনিব্লক সড়ক ও ড্রেন নির্মাণ এবং তারকাটা মিল থেকে হাকিম সাহেবের বাড়ি পর্যন্ত সড়ক ও ড্রেন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। একই ওয়ার্ডে বাসন ম্যানুয়াল ফ্যাশন সংলগ্ন এলাকা থেকে উত্তর ভিটিপাড়া মোল্লা বাড়ি জামে মসজিদ, খানবাড়ি মসজিদ সংলগ্ন এলাকা থেকে ফাইতুজ্জুর সড়ক এবং কলাবাগান থেকে চান্দপাড়া মাদ্রাসা পর্যন্ত সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
১৩ নম্বর ওয়ার্ডে সিটি মেডিকেল কলেজ সংলগ্ন সড়ক থেকে কুদ্দুসের বাড়ি হয়ে হাজী আহমদ আলীর বাড়ি এবং বিএইচটি আবেদুল্লাহ-সাবেদুল্লাহ রোড পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এ ছাড়া ১৬ ও ১৮ নম্বর ওয়ার্ডে গ্রেটওয়াল সিটির মেডিক্যাপ হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে আল-নূর মডেল মাদ্রাসা পর্যন্ত আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণ এবং ১৮ নম্বর ওয়ার্ডের নলজানি ওয়্যারলেস এলাকার আব্দুল হাকিম সুপার মার্কেট থেকে ডিবি কার্যালয় হয়ে বাইতুল হাকিম জামে মসজিদ পর্যন্ত ইউনিব্লক সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
১৭ নম্বর ওয়ার্ডে যোগীতলা তিন সড়ক বাইপাস থেকে কলিমদ্দিন সড়ক হয়ে যোগীতলা-চান্দনা সড়ক পর্যন্ত এবং যোগীতলা বাজার থেকে তিন সড়ক হয়ে ঢাকা বাইপাস পর্যন্ত সড়ক নির্মাণকাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আশরাফ হোসেন, বাসন , কোনাবাড়ি ও কাশিমপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ লেহাজ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেলসহ কোনাবাড়ী থানা বিএনপি সাধারণ সম্পাদক বাবুল হোসেন ও সাবেক সদর উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিন নাসির সহ বিএনপির অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
