নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সাধারণ শিক্ষকবৃন্দের অংশগ্রহণে সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার নোবিপ্রবি শহিদ মিনার প্রাঙ্গনে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীনসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বলেন, "দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আজ এ কর্মসূচি পালন করছেন। তারই অংশ হিসেবে নোবিপ্রবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
একটি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করছে। এ ধরনের কর্মকাণ্ড আমরা সাধারণ শিক্ষকরা মেনে নিতে পারছি না। দেশের শান্তিপ্রিয় জনগণ তাদের ম্যান্ডেটের মাধ্যমে রাজনৈতিক পালাবদল ঘটাবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু বিগত ১৭ বছর এ ধরনের কোনো গণতান্ত্রিক নির্বাচন আমরা প্রত্যক্ষ করিনি।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ উত্তরণের পর চব্বিশের সেই পরাজিত শক্তি দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং মতপ্রকাশের নামে সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে। আপনাদের সৎ সাহস থাকলে জনগণের কল্যাণে কাজ করুন, জনগণই সিদ্ধান্ত নেবে এ রাষ্ট্র কাদের হাতে নিরাপদ।
তিনি আরও বলেন, "এ বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে। এ শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করে কেউ যদি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখবো।
বক্তব্যে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন এবং দেশব্যাপী সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জনান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন।
নোবিপ্রবি ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী, আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান প্রমুখ।
