সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

পূর্বঘোষিত সময়েই ঢাবির ভর্তি পরীক্ষা, কয়েক বিভাগে শর্ত শিথিল

শিক্ষা ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৭:৪৩ পিএম

পূর্বঘোষিত সময়েই ঢাবির ভর্তি পরীক্ষা, কয়েক বিভাগে শর্ত শিথিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। 

তবে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রেখে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের অধীন কয়েকটি বিভাগের ভর্তি-সংক্রান্ত শর্ত শিথিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শর্ত শিথিলের আওতায় সংশ্লিষ্ট বিভাগগুলোতে নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে ন্যূনতম গ্রেডের বাধ্যবাধকতা কমানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদ্দী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, গত ৩১ অক্টোবর প্রকাশিত উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ন্যূনতম যোগ্যতা পূরণকারী শিক্ষার্থীরা এ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন করতে পারবেন। এ ছাড়া ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীরাও ভর্তির আবেদন করার সুযোগ পাবেন। তাদের সংশোধিত ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশের কথা রয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে ভর্তির আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

১১ নভেম্বর শুরু আবেদন, ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এবার পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তি কার্যক্রমের লিখিত পরীক্ষা।

পরবর্তী সময়ে ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচি বহাল রেখে কয়েকটি বিভাগের শর্ত শিথিলের সিদ্ধান্তে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে।

এম/আর

Link copied!