আলোচিত বোটক্লাব ভাঙচুর, ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনির ১০ বডিগার্ড নিয়ে আদালতে এসেছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে একটি সাদা গাড়ি করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আসেন পরীমনি। এরপর শুনানি শুরু না হওয়ায় গাড়ির ভিতরেই অবস্থান করছেন তিনি। তার গাড়ি ঘিরে দাঁড়িয়ে আছেন কালো পোশাক পরিহিত ১০ বডিগার্ড। মামলার শুনানি শুরু হলে নিরাপত্তা দিয়ে তারা আদালতে নিবেন।
এর আগে গতকাল বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এদিন মামলাটি সাক্ষীর জন্য ধার্য ছিল। তবে পরীমনি আদালতে হাজির না হয়ে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর মাধ্যমে সময়ের আবেদন করেন। এ আইনজীবী আবেদনে উল্লেখ করেন, অ্যালার্জিজনিত কারণে আসামি পরীমনি অসুস্থ। এ কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি।
