ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও হত্যাচেষ্টা মামলায় জামিন নিতে আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসেন চিত্রনায়িকা পরীমনি। শুনানি শেষে জামিন পেয়েছেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।
তবে এদিন আদালতে পৌঁছানোর পর সংবাদকর্মী ও উৎসুক জনতার উপচে পড়া ভিড় এবং বিশৃঙ্খল পরিস্থিতিতে চরম ক্ষোভ ও মেজাজ হারিয়েছেন তিনি।
জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে একটি সাদা গাড়িতে করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পৌঁছান পরীমনি। এ সময় কালো পোশাক পরা অন্তত ১০ জন ব্যক্তিগত বডিগার্ডের একটি বলয় তার গাড়ি ঘিরে রাখে। আদালতের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত তিনি কিছু সময় গাড়ির ভেতরেই অবস্থান করেন।
পরবর্তীতে আদালত কক্ষে প্রবেশের সময় সংবাদকর্মী ও উৎসুক জনতার জটলা এবং ভিড় ঠেলে এগোতে গিয়ে বেশ অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন এই চিত্রনায়িকা। নিরাপত্তাকর্মীদের টানাহেঁচড়া এবং চারপাশের বিশৃঙ্খল পরিবেশে একপর্যায়ে তীব্র উষ্মা প্রকাশ করেন ও মেজাজ হারিয়ে ফেলেন পরীমনি। পরে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
