শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

করণ জোহরের প্রযোজনা সংস্থায় প্রিন্স উইলিয়াম, সঙ্গী সাইফ-কারিনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৬:৩৭ পিএম

করণ জোহরের প্রযোজনা সংস্থায় প্রিন্স উইলিয়াম, সঙ্গী সাইফ-কারিনা

ভারত সফরের শেষ দিনে একেবারে বলিউডি কায়দায় রাজকীয় অভ্যর্থনা পেলেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। বুধবার (১৮ নভেম্বর) মুম্বাইয়ের আন্ধেরিতে পরিচালক-প্রযোজক করণ জোহরের প্রযোজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশনস’-এর অফিসে যান ব্রিটেনের প্রিন্স অব ওয়েলস।

সেখানেই তাকে উষ্ণ অভ্যর্থনা জানান নির্মাতা ও সঞ্চালক করণ জোহর এবং পতৌদি পরিবারের ‘নবাব’ দম্পতি অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর খান।

ধর্মা প্রোডাকশনসের অফিসে প্রায় মিনিট ৪৫ সময় কাটান প্রিন্স উইলিয়াম। তার সম্মানে ২০০১ সালের সুপারহিট সিনেমা ‘কভি খুশি কভি গম’-এর জনপ্রিয় গানের সঙ্গে একটি বিশেষ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই সময় করণ জোহর পরিচালিত এ সিনেমাটির বড় একটি অংশের শুটিং হয়েছিল ব্রিটেনে।

প্রিন্স উইলিয়ামের সঙ্গে সাক্ষাতের পর উচ্ছ্বসিত করণ জোহর বলেন, প্রিন্স উইলিয়ামকে স্বাগত জানানো তার জন্য পরম সৌভাগ্যের এবং সম্মানের বিষয়। তিনি বলেন, ‘উনি অত্যন্ত বিনয়ী ও অমায়িক। ভারতীয় সিনেমার সম্ভাবনা এবং বিভিন্ন আঞ্চলিক ভাষার ভারতীয় সিনেমা যেভাবে বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে, তা নিয়ে উনি দীর্ঘক্ষণ কথা বলেছেন। এমন আন্তরিক একজন মানুষের সঙ্গে সময় কাটিয়ে দারুণ লাগল।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত প্রিন্স উইলিয়ামের ‍‍`আর্থশুট প্রাইজ‍‍` অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালনাও করেছিলেন করণ জোহর। সেই অনুষ্ঠানে অভিনেত্রী আলিয়া ভাট, সোনম কাপুরের পাশাপাশি উপস্থিত ছিলেন বহু আন্তর্জাতিক তারকাও।

ব্রিটেনের প্রিন্স অব ওয়েলস যখন বলিউড তারকাদের সঙ্গে আড্ডায় ব্যস্ত, ঠিক তখনই প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন পৌঁছে গিয়েছিলেন মুম্বাইয়ের শতাব্দীপ্রাচীন নওরোসজি ওয়াদিয়া মেটারনিটি হাসপাতালে। সেখানে সদ্যোজাত মায়েদের সঙ্গে কথা বলে তিনি শুভেচ্ছা জানান।

এর আগে বুধবার সকালেই রাজদম্পতি মুম্বাইয়ের লোয়ার প্যারেলে অবস্থিত ‘চাণক্য স্কুল অব ক্রাফট’ পরিদর্শন করেন। সেখানে ভারতীয় ঐতিহ্যবাহী বুনন ও এমব্রয়ডারি শিল্পের প্রশিক্ষণ নেওয়া নারী শিল্পীদের কাজের প্রশংসা করেন তারা।

উল্লেখ্য, ২০১৬ সালের পর এই প্রথমবার যৌথভাবে তিন দিনের ভারত সফরে আসেন উইলিয়াম ও কেট। সোমবার (১৬ নভেম্বর) মুম্বাইয়ে পা রেখে শচীন টেন্ডুলকারের সঙ্গে গলি ক্রিকেট খেলা থেকে শুরু করে মেট্রো সফর— সব মিলিয়ে দারুণ সময় কাটানোর পর বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের মাধ্যমে শেষ হচ্ছে তাদের এ রাজকীয় সফর।

M/R

Link copied!