ডায়াবেটিস চিকিৎসাকে আরও সুশৃঙ্খল, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে জাতীয় চিকিৎসা নির্দেশিকা (ন্যাশনাল গাইডলাইন) প্রণয়ন করেছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় তৈরি এ নির্দেশিকায় ডায়াবেটিসের বিভিন্ন পর্যায়ে চিকিৎসা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং রোগটির জটিলতা ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশের প্রায় ৫২৭ জন বিশেষজ্ঞ চিকিৎসকের নেটওয়ার্কের মাধ্যমে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও প্রতিবেদন ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন। ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি।
সংবাদ সম্মেলনে ডা. এম সাইফুদ্দিন বলেন, ডায়াবেটিস, থাইরয়েডসহ বিভিন্ন হরমোনজনিত রোগের চিকিৎসা, গবেষণা, চিকিৎসকদের প্রশিক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে কাজ করছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি।
জাতীয় ডায়াবেটিস চিকিৎসা নির্দেশিকা সম্পর্কে তিনি বলেন, ডায়াবেটিস চিকিৎসাকে আরও সুশৃঙ্খল, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এ গাইডলাইন তৈরি করা হয়েছে। এতে একজন রোগীর ডায়াবেটিস কোন পর্যায়ে রয়েছে, কোন পর্যায়ে কী ধরনের চিকিৎসা প্রয়োজন, কী কী পরীক্ষা করতে হবে এবং রোগটির বিভিন্ন জটিলতা দেখা দিলে কীভাবে চিকিৎসা ও ব্যবস্থাপনা করতে হবে, তা সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সংগঠনটির বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ডা. এম সাইফুদ্দিন বলেন, প্রতিবছর ডায়াবেটিস, থাইরয়েড ও অন্যান্য হরমোনজনিত রোগ নিয়ে জাতীয় পর্যায়ে বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছয়জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ অতিথি হিসেবে অংশ নেন। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১৪৯ জন চিকিৎসক সম্মেলনে যোগ দেন। এসব আয়োজনের মূল উদ্দেশ্য হলো, ডায়াবেটিস ও অন্যান্য হরমোনজনিত রোগের আধুনিক চিকিৎসাপদ্ধতি সম্পর্কে চিকিৎসকদের অবহিত করা এবং তাদের পেশাগত দক্ষতা বাড়ানো। এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতি মাসে অন্তত এক থেকে দুটি সেমিনার বা বৈজ্ঞানিক আলোচনা সভার আয়োজন করা হয়।
জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংবাদপত্র, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক তথ্য প্রচারিত হলে মানুষ নিজের এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারেন। পরিবারের কারও ডায়াবেটিস থাকলে অন্য সদস্যও নিজের ডায়াবেটিস পরীক্ষা করানোর প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারেন। আবার যাদের ডায়াবেটিস রয়েছে, তারাও রোগটি নিয়ন্ত্রণে রয়েছে কি না, তা চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করানোর বিষয়ে সচেতন হতে পারেন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছোট ভিডিও ১০ হাজার, ২০ হাজার থেকে শুরু করে এক লাখ বা দুই লাখের বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে। ফলে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরিতে সামাজিক যোগাযোগমাধ্যমও শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। চিকিৎসকরা রোগীদের সেবা, চিকিৎসকদের প্রশিক্ষণ ও আধুনিক চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছেন। তবে সাধারণ মানুষের কাছে এসব বার্তা পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত জরুরি।
গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে ডা. এম সাইফুদ্দিন বলেন, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির কার্যক্রম এবং ডায়াবেটিস সম্পর্কে প্রয়োজনীয় তথ্য গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার করা প্রয়োজন। সংবাদ সম্মেলনের সংবাদ, ভিডিও বা ফেসবুক পোস্ট প্রকাশের পর সেগুলোর লিংক সোসাইটির দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানোর অনুরোধ জানান তিনি।
এ বিষয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির প্রায় ৫২৭ জন সদস্যের একটি বিশেষজ্ঞ নেটওয়ার্ক রয়েছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও প্রতিবেদনগুলো হোয়াটসঅ্যাপ ও ই-মেইলের মাধ্যমে এসব সদস্যের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ রয়েছে। এতে সংবাদ ও প্রতিবেদন আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর পাশাপাশি দেশের ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকরাও গণমাধ্যমকর্মীদের কাজ সম্পর্কে জানতে পারবেন।
ডা. এম সাইফুদ্দিন বলেন, চিকিৎসক ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় ডায়াবেটিস সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো সম্ভব। এতে দেশের অসংখ্য মানুষ উপকৃত হবেন। এ গুরুত্বপূর্ণ কার্যক্রমে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
