রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ফ্যাটি লিভার-ক্যানসারের জন্যও দায়ী প্রদাহ, এই ৩ লক্ষণে আজই সতর্ক হোন

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৯:২১ পিএম

ফ্যাটি লিভার-ক্যানসারের জন্যও দায়ী প্রদাহ, এই ৩ লক্ষণে আজই সতর্ক হোন

সকালবেলা ঘুম থেকে উঠেও শরীরজুড়ে ক্লান্তি, ঘন ঘন পেটফাঁপা কিংবা হাত-পায়ের জয়েন্টে হালকা আড়ষ্ট ভাব—ব্যস্ত জীবনে এসব উপসর্গকে আমরা প্রায়ই সাধারণ অস্বস্তি ভেবে এড়িয়ে যাই। কিন্তু চিকিৎসাবিজ্ঞান বলছে, কোনো স্পষ্ট আঘাত বা সংক্রমণ ছাড়াই শরীরের ভেতরে দীর্ঘদিন ধরে প্রদাহ চলতে থাকলে তা নীরবে বড় বিপদের কারণ হতে পারে। একে বলা হয় ‘ক্রনিক ইনফ্ল্যামেশন’ বা দীর্ঘস্থায়ী প্রদাহ। 

সাধারণত আঘাত লাগলে বা শরীরে সংক্রমণ হলে রোগ প্রতিরোধ ব্যবস্থা যে প্রতিক্রিয়া দেখায়, সেটিই প্রদাহ। ফুলে যাওয়া, লালচে ভাব বা ব্যথার মতো এই সাময়িক প্রদাহ শরীর সারিয়ে তুলতে সাহায্য করে। কিন্তু এ প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হয়ে গেলে সময়ের সঙ্গে তা শরীরের কোষ ও অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি করতে পারে। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের পুষ্টিবিদ কারা সোয়ানসন দীর্ঘস্থায়ী প্রদাহের তিনটি সম্ভাব্য লক্ষণ নিয়ে কথা বলেছেন। 

যে তিনটি লক্ষণে সতর্ক থাকা জরুরি 

পর্যাপ্ত ঘুমের পরেও ক্লান্তি: রাতে ভালোভাবে ঘুমানোর পরও সকালে উঠে শরীরে শক্তি না পাওয়া, সারাদিন ঝিমুনি লাগা বা কাজে মনোযোগ ধরে রাখতে না পারা দীর্ঘস্থায়ী প্রদাহের একটি ইঙ্গিত হতে পারে। তবে স্লিপ অ্যাপনিয়া কিংবা ভিটামিন বি১২ ও ডি৩-এর ঘাটতির কারণেও এমনটা হতে পারে। 

ঘন ঘন পেটফাঁপা: মাঝেমধ্যে গ্যাস বা পেটফাঁপা স্বাভাবিক হলেও ঘন ঘন পেট ফুলে থাকা, হজমে গণ্ডগোল বা মলত্যাগের অভ্যাসে পরিবর্তন দেখা দিলে তা খতিয়ে দেখা প্রয়োজন। দীর্ঘস্থায়ী প্রদাহ অন্ত্রের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটাতে পারে। খাদ্যাভ্যাস বা নির্দিষ্ট কোনো খাবারে অসহিষ্ণুতাও এর পেছনে থাকতে পারে। 

অস্থিসন্ধিতে আড়ষ্ট ভাব: ঘুম থেকে ওঠার পর আঙুল, হাঁটু বা অন্য অস্থিসন্ধিতে নিয়মিত জড়তা, ব্যথা বা ফোলাভাব অনুভূত হলে তা অবহেলা করা উচিত নয়। 

যদিও কিছুক্ষণ নড়াচড়া করলে অনেক সময় এই ভাব কমে যায়, তবু নিয়মিত এমন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। থাইরয়েড, রক্তাল্পতা বা অটোইমিউন সমস্যার ক্ষেত্রেও এমন লক্ষণ দেখা দিতে পারে। 

কেন বাড়ে দীর্ঘস্থায়ী প্রদাহ?

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার ও চিনি খাওয়া, শারীরিক পরিশ্রমের অভাব, অতিরিক্ত ওজন, দীর্ঘদিনের মানসিক চাপ, ঘুমের ঘাটতি, ধূমপান, মদ্যপান এবং পরিবেশদূষণ দীর্ঘস্থায়ী প্রদাহের ঝুঁকি বাড়ায়।

দীর্ঘমেয়াদে কী ঝুঁকি তৈরি হতে পারে?

দীর্ঘদিন ধরে শরীরে প্রদাহ থাকলে হৃদরোগ, টাইপ ২ ডায়াবেটিস, ফ্যাটি লিভার এবং কিছু ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। তবে এসব উপসর্গ বা প্রদাহ থাকলেই যে নির্দিষ্ট রোগগুলো হবে, এমন নয়। বরং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি এড়াতে উপসর্গগুলো দীর্ঘস্থায়ী হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

এম/আর

Link copied!