দিল্লিতে দুই সহকর্মী নেতার গ্রেপ্তারের প্রতিবাদে ফের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দীপকে। আগামী শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা হাতে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ‘লেহরা দো তিরঙ্গা’ বা ‘তেরঙা ওড়াও’ নামে এই কর্মসূচিতে তরুণ প্রজন্ম, সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
সিজেপির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেপ্তারের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধ হতে পারে না—এমন বক্তব্য তুলে ধরে দিপকে বলেছেন, এই প্রতিবাদের মধ্য দিয়ে তারা জাতীয় পতাকার প্রতি নিজেদের শ্রদ্ধা ও গর্বের কথা জানাতে চান।
এক ভিডিওবার্তায় দিপকে বলেন, সৌরভ ও আশুতোষকে শুধু জাতীয় পতাকা ওড়ানোর জন্য কারাগারে পাঠানো হয়েছে। দেশ ও জাতীয় পতাকাকে ভালোবাসেন—এমন সবাইকে শুক্রবার বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।
দিপকে আরো বলেন, যারা নির্ধারিত স্থানে উপস্থিত হতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় ‘তেরঙা অভিযান’ আয়োজন করেন। তার ভাষায়, জাতীয় পতাকা দেশের গর্ব, সেটি ওড়ানো কোনো অপরাধ হতে পারে না।
যন্তর মন্তরে বিক্ষোভের জেরে গ্রেপ্তার দুই নেতা
দিল্লির যন্তর মন্তরকে সম্প্রতি বিক্ষোভ কর্মসূচির জন্য অনুমোদিত স্থানগুলোর তালিকা থেকে বাদ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে সেখানে জমায়েত ও বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
এই নিষেধাজ্ঞার মধ্যেই গত মঙ্গলবার সিজেপির কয়েকজন নেতা-কর্মী লোহার বাধা টপকে যন্তর মন্তরে প্রবেশ করেন। সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার নেতৃত্বে তারা জাতীয় পতাকা ওড়ানোর পাশাপাশি ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেন। পরে পুলিশ তাদের আটক করে এবং সৌরভ ও রাঙ্কাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে দুজনই দিল্লির তিহার কারাগারে রয়েছেন।
সূত্র: আনন্দবাজার অনলাইন
