সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। বুধবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।-
সূত্র: আনাদোলু এজেন্সি।
সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানিয়েছে, আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা গুরুতর। হামলায় অবকাঠামোরও ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
তবে বিমানবন্দরে কী ধরনের হামলা চালানো হয়েছে, তা জানায়নি কর্তৃপক্ষ। এ বিষয়ে পরে আরও তথ্য জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে বুধবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত শাইবাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করা হয়। সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটি ভূপাতিত করলে এর ধ্বংসাবশেষ পড়ে দুজন নিহত ও দুজন আহত হন বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।
ধ্বংসাবশেষ পড়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়। তবে এতে তেলক্ষেত্রের কার্যক্রম ব্যাহত হয়নি বলে মন্ত্রণালয় জানিয়েছে।
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট বুধবার জানিয়েছে, তারা সৌদি আরবের দিকে ছোড়া পাঁচটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। এর মধ্যে পূর্বাঞ্চলীয় প্রদেশ ও মদিনা অঞ্চলের দিকে পাঠানো ড্রোনও ছিল।
এর আগে গত ১১ অক্টোবরও কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছিল। তখন ক্ষয়ক্ষতি নিরূপণ ও নিরাপত্তা পরীক্ষা চালানো হয়।
ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যেই এসব হামলার ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে।
