সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
কারণ জানতে চাইল সংসদীয় কমিটি

প্রধানমন্ত্রীর ফ্লাইটে বিমানে বারবার ত্রুটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ১০:৩৯ পিএম

প্রধানমন্ত্রীর ফ্লাইটে বিমানে বারবার ত্রুটি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটির কারণ জানতে চেয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ও যন্ত্রপাতি কেনায় অনিয়মের দায় নির্ধারণ এবং আইটি সিস্টেমের দুর্বলতায় সম্ভাব্য রাজস্ব ক্ষতির বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছে কমিটি।

সোমবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত ষষ্ঠ বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) আর্থিক ব্যবস্থাপনা, পরিচালন কার্যক্রম ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

এ সময় প্রতিষ্ঠান দুটির কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানো, সরকারি অর্থের অপচয় রোধ, অনিয়ম দূর করা এবং দীর্ঘদিনের নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করে কমিটি। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়।

বৈঠকে উত্থাপিত নিরীক্ষা আপত্তির বিপরীতে কত টাকা আদায় হয়েছে, কত টাকা অনাদায়ী রয়েছে এবং সংশ্লিষ্ট কতজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিস্তারিত তথ্য চেয়েছে কমিটি। প্রতিটি নিরীক্ষা আপত্তির বিপরীতে প্রমাণাদিসহ সময়াবদ্ধ কর্মপরিকল্পনা উপস্থাপনেরও সুপারিশ করা হয়।

উত্থাপিত বিষয়গুলোর বিস্তারিত লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করেছে কমিটি।

এদিকে, প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটেও যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্ব হয়। বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিটে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইটটি। বিমানের প্রকৌশলী ও জাপানি কারিগরি বিশেষজ্ঞরা ত্রুটি সারানোর পর উড়োজাহাজটি যাত্রা শুরু করে। পরে রাত ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন অংশ নেন।

এ ছাড়া হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ), অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বেবিচক ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

জেএইচ

Link copied!