সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা পূর্ব-পশ্চিম পাইপলাইনে ফের হামলা করেছে ইরানি মদতপুষ্ট ইয়েমেনি গোষ্ঠী হুথি। সোমবার পাইপলাইনটিতে ড্রোন হামলা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদির জ্বালানি মন্ত্রণালয়।
সৌদি আরবের সরকারি সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সিকে (এসপিএ) জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় মদিনা এলাকায় পাইপলাইনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়; এতে সেখানে ‘সীমিত আকারে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে অল্প সময়ের মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে।
“এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং পাইপলাইনের কার্যক্রমও ব্যাহত হয়নি”, আলজাজিরাকে বলেছেন ওই কর্মকর্তা।
হামলার পেছনে কারা রয়েছে তা সরাসরি উল্লেখ না করলেও সৌদির একাধিক কর্মকর্তা এ হামলার জন্য হুথি বিদ্রোহীদের দায়ী করেছেন।
আরব উপদ্বীপজুড়ে বিস্তৃত ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ পূর্ব-পশ্চিম পাইপলাইন সৌদি আরবের জ্বালানি খাতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা; যুক্তরাষ্ট্র-ইরান চলমান যুদ্ধে পাইপলাইনটির গুরুত্ব আরও বেড়েছে।
কারণ হরমুজ প্রণালিতে অবরোধ এবং তার জেরে সে পথে জ্বালানি রপ্তানি ঝুঁকিপূর্ণ হওয়ায় এই পাইপলাইন দিয়েই সাগরে জাহাজ থেকে জাহাজ পদ্ধতিতে তেল রপ্তানি করে আসছে সৌদি আরব।
এর আগে গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পূর্ব-পশ্চিম পাইপলাইনে হামলা করেছিল হুথিরা। সে সময় এ স্থাপনাটির বেশ ক্ষয়ক্ষতিও হয়েছিল।
ক্ষয়ক্ষতি মেরামত করে পাইপলাইনটি সক্রিয় হওয়ার দু’মাসের মধ্যে ফের এটি লক্ষ্য করে হামলা করল হুথিরা।
সূত্র : আলজাজিরা
