সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
আল-জাজিরার বিশ্লেষণ

নতুন করে হামলা নাকি সমঝোতা, ইরান-মার্কিন আলোচনা নিয়ে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৭:৪৫ পিএম

নতুন করে হামলা নাকি সমঝোতা, ইরান-মার্কিন আলোচনা নিয়ে অনিশ্চয়তা

ইরানের পরমাণু সংঘাত মেটাতে এবং মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধ এড়াতে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি। কাতারের মধ্যস্থতায় তৈরি ইরানের একটি নতুন শান্তি প্রস্তাব বর্তমানে মার্কিন প্রশাসন পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই আলোচনায় অংশ নিলেও ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংকট সমাধানের খুব কাছাকাছি তারা এখনো পৌঁছাতে পারেননি।

কাতারের দেওয়া প্রস্তাব অনুযায়ী, ইরান মূলত কিছু কঠোর শর্তে যুদ্ধবিরতিতে রাজি হতে চায়। ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা তোলা, অঞ্চলে মার্কিন সেনা কমানো, বিদেশে আটকে থাকা তাদের বিপুল অর্থ ফেরত দেওয়া এবং ইসরায়েলের হামলা পুরোপুরি বন্ধ করা। এটি মেনে নেওয়া হলে তেহরান বিশ্ববাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ ‍‍`হরমুজ প্রণালি‍‍` সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইরানের এসব শর্তকে পুরোপুরি ‍‍`অবাস্তব ও হাস্যকর‍‍` বলে উড়িয়ে দিয়েছেন।

এদিকে আলোচনার মাঝেই দুপক্ষ থেকে কড়া সামরিক বার্তা দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট সতর্ক করে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে ইরানের সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোসহ ৩৮টি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ প্রস্তুত রাখা হয়েছে। জবাবে ইরানের রেভোলিউশনারি গার্ড বাহিনীর প্রধানেরা সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকা যদি আর একটি ভুল পদক্ষেপও নেয়, তবে তাদের ওপর ‍‍`জাহান্নামের আগুন বর্ষণ‍‍` করা হবে এবং এমন বিধ্বংসী জবাব দেওয়া হবে যা ওয়াশিংটন কল্পনাও করতে পারবে না।

এম/আর

Link copied!