তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর ইজমিরের কাছে একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জনের বেশি। সোমবার গভর্নরের কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
প্রাথমিকভাবে ইজমিরের গভর্নরের কার্যালয় জানিয়েছিল, বিস্ফোরণে তিনজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন ১০ জন। পরে হতাহতের সংখ্যা হালনাগাদ করে জানানো হয়, আহতদের একজন এবং ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা আরও দুজনের মৃত্যু হয়েছে। ফলে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, ইজমির থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাশ দেমির চেলিক কারখানার একটি উঁচু স্থাপনায় বিস্ফোরণের পর আগুন জ্বলছে। এ সময় কারখানার ওপর দিয়ে আকাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী।
বিস্ফোরণের সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন প্রত্যক্ষদর্শী দেনিজ উলকে। তার কাছে বিস্ফোরণের শব্দকে ভূমিকম্পের মতো মনে হয়েছিল।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে তিনি বলেন, বিস্ফোরণের সময় মনে হচ্ছিল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। প্রথমে তাঁর ধারণা হয়েছিল, ভূমিকম্প হচ্ছে। পরে রাস্তার ওপারে কারখানার দিকে তাকিয়ে দেখেন, সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং চিমনি থাকা স্থানে আগুন জ্বলছে।
কারখানার ট্রাকচালক তুরান ইলবেও বিস্ফোরণের শব্দকে বোমা বিস্ফোরণের সঙ্গে তুলনা করেছেন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তরল ইস্পাত ঢালাইয়ের কাজে ব্যবহৃত একটি বড় শিল্প চুল্লির ওপর ক্রেন ভেঙে পড়ার পর বিস্ফোরণটি ঘটে।
ইজমিরের মেয়র জেমিল তুগে জানিয়েছেন, উদ্ধারকারী দলগুলো চুল্লির ভেঙে পড়া অংশ এবং ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় নিহত ও আহত সবাই ওই কারখানার শ্রমিক বলে জানা গেছে।
সূত্র: এএফপি
