ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় রোববার (১৫ নভেম্বর) শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের গুরুত্বপূর্ণ সম্মেলন। এবারের বৈঠকে বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সংকট এবং দক্ষিণ চীন সাগরের বিরোধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার কথা রয়েছে। সম্মেলনে অংশ নেওয়া নেতাদের এসব ইস্যুতে কঠিন কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।
সম্মেলনের শেষ পর্যায়ে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) ম্যানিলায় পৌঁছানোর কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সফরকালে ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে একটি পার্শ্ববৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর কোয়াড জোটের নেতাদের সঙ্গে এটিই হবে ট্রাম্পের প্রথম বৈঠক। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
চীনের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব মোকাবিলার উদ্দেশ্যে গঠিত কোয়াডের এই বৈঠক এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন কয়েক দিন পর চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। চীনের শেনজেনে ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
এদিকে সম্প্রতি পুনর্নির্বাচিত ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা রোববার আসিয়ানের ১১ সদস্যের পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সম্মেলনের আয়োজক ফিলিপাইনের সঙ্গে নতুন একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করবেন।
সম্মেলনকে কেন্দ্র করে মেট্রো ম্যানিলার বিভিন্ন এলাকায় প্রায় ২০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তবে মঙ্গলবার ট্রাম্পের সফর ঘিরে বড় ধরনের বিক্ষোভের আশঙ্কাও রয়েছে। প্রগতিশীল সংগঠনগুলোর ধারণা, হাজার হাজার মানুষ ট্রাম্পবিরোধী পদযাত্রায় অংশ নিতে পারেন।
ট্রাম্পের ‘প্যাক্স সিলিকা’ কর্মসূচি ঘিরে বিক্ষোভের প্রস্তুতি
প্রস্তাবিত বিক্ষোভের অন্যতম লক্ষ্য যুক্তরাষ্ট্রের ‘প্যাক্স সিলিকা’ কর্মসূচি। সেমিকন্ডাক্টর ও বিরল মৃত্তিকা উপাদানের বৈশ্বিক সরবরাহব্যবস্থায় চীনের প্রভাব কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উত্তরে প্রায় ১ হাজার ৬২০ হেক্টর জমিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি উৎপাদনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তবে এ প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় আদিবাসী পরিবারগুলোকে উচ্ছেদের মুখে পড়তে হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা।
ফিলিপাইনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লি লিপটন গত সপ্তাহে জানিয়েছেন, ট্রাম্পের সফরের সঙ্গে মিলিয়ে নভেম্বরে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের যে আলোচনা চলছে, তা কখনোই আনুষ্ঠানিক পরিকল্পনার অংশ ছিল না।
আসিয়ানের সামনে অমীমাংসিত নানা সংকট
শনিবার থেকেই সম্মেলন উপলক্ষে প্রাথমিক পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। এদিন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ফিলিপাইনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দেন।
একই সময়ে আসিয়ান নেতারা কয়েকটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া থেকে ছড়িয়ে পড়া ধোঁয়াশা এবং ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি ভাগাভাগির সম্ভাব্য ব্যবস্থা।
মিয়ানমার সংকটও এবারের সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয়। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর থেকে মিয়ানমারের জান্তা সরকারের প্রতিনিধিদের আসিয়ানের উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না।
তবে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে অবস্থান নিয়েছে প্রতিবেশী থাইল্যান্ড। গত সপ্তাহে দেশটি মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে আবারও আসিয়ানের বৈঠকে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানায়।
ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী তেরেসা লাজারো শনিবার সাংবাদিকদের জানিয়েছেন, মিয়ানমার ইস্যুতে আসিয়ানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। এদিকে চলতি সপ্তাহের শেষ দিকে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক আদালতের একটি রায় হওয়ার কথা রয়েছে।
দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে অনিশ্চয়তা
ফিলিপাইনের সভাপতিত্বের মেয়াদে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে চীনের বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর নিয়ে একটি আচরণবিধি চূড়ান্ত করার আশা ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে।
সম্মেলনের প্রস্তুতির সঙ্গে যুক্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার একজন কূটনীতিক এএফপিকে জানিয়েছেন, এবারের সম্মেলনে ওই আচরণবিধি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না।
ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী তেরেসা লাজারোও একই ধরনের ইঙ্গিত দিয়েছেন। তার মতে, আচরণবিধি নিয়ে আলোচনা প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে।
সিঙ্গাপুরের আইএসইএএস-ইউসুফ ইসহাক ইনস্টিটিউটের আসিয়ান স্টাডিজ সেন্টারের সাবেক প্রধান সিউ মুন তাং বিষয়টিকে অত্যন্ত কঠিন বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, শেষ পর্যন্ত চুক্তিটি সম্পন্ন হলে তা হবে ছোটখাটো এক অলৌকিক ঘটনা।
দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের প্রভাব নিয়ে উদ্বেগ
দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকার ওপর চীনের সার্বভৌমত্বের দাবির কোনো আইনি ভিত্তি নেই বলে ২০১৬ সালে আন্তর্জাতিক সালিশি আদালতের এক রায়ে উল্লেখ করা হয়েছিল। তবে ওই রায় প্রত্যাখ্যান করে বেইজিং এখনো অঞ্চলটির বড় অংশ নিজেদের বলে দাবি করে আসছে।
এ নিয়ে ফিলিপাইন ও চীনের কোস্টগার্ডের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত এক বছরে বিভিন্ন সময়ে এসব বিরোধ দুই দেশের কূটনৈতিক আলোচনাকেও জটিল করে তুলেছে।
গত জুলাইয়ে পররাষ্ট্রমন্ত্রীদের একটি সম্মেলন শুরুর এক দিনেরও কম সময় আগে চীন ও ফিলিপাইনের নাবিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ছাড়া গত মাসে আসিয়ানের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে চীন শুধু তাদের দূতাবাসের একজন প্রতিরক্ষা অ্যাটাশেকে পাঠায়। ফিলিপাইনের রাজনীতিবিদদের কিছু ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্যের কারণ দেখিয়ে বেইজিং এ সিদ্ধান্ত নিয়েছিল।
এর এক সপ্তাহ পর চীন সম্পর্কে নিজেদের সরকারি কর্মকর্তাদের মন্তব্যের প্রকাশ্য সমালোচনা করে ম্যানিলা। দুই দেশের মধ্যে আলোচনা চলাকালে অভিন্ন অবস্থান বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেয় ফিলিপাইন।
এদিকে রোববার আসিয়ান সম্মেলন শুরুর সময় সম্মেলনস্থল থেকে পাঁচ কিলোমিটারেরও কম দূরত্বে একটি বার্ষিক সেমিনারে দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের দাবির বিরোধিতা করে বক্তব্য তুলে ধরা হবে।
সেখানে মূল বক্তব্য দেওয়ার কথা রয়েছে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরোর। `দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের` অভিযোগে চলতি বছর বেইজিং তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সব মিলিয়ে বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, মিয়ানমার সংকট এবং দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধের পাশাপাশি ট্রাম্পের সফরও এবারের আসিয়ান সম্মেলনের কূটনৈতিক গুরুত্ব বাড়িয়ে তুলেছে।
