বিচারের অপেক্ষায় কেটে গেছে বছরের পর বছর। ঘরবাড়ি হারিয়ে, স্বজনদের ফেলে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে করা মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত।
আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) এই রায় ঘোষণা করা হবে। প্রায় সাত বছর ধরে চলা বিচারপ্রক্রিয়ার পর আসছে এই সিদ্ধান্ত।
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। দেশটির অভিযোগ, রোহিঙ্গাদের একটি জনগোষ্ঠী হিসেবে ধ্বংস করার উদ্দেশ্যে মিয়ানমারের সেনাবাহিনী হত্যা, ধর্ষণ, নির্যাতন ও গ্রাম পুড়িয়ে দেওয়ার মতো নৃশংসতা চালিয়েছে।
এর আগে, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর অভিযান থেকে প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন।
তাদের অনেকেই স্বজনদের হারিয়েছেন, চোখের সামনে দেখেছেন বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও মানুষ হত্যার ঘটনা।
পালানোর পথেও অনেকে হামলার শিকার হয়েছেন। সেই থেকে বাংলাদেশের কক্সবাজারের শরণার্থীশিবিরে মানবেতর জীবন কাটছে তাদের। বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন।
এই মামলায় আদালতের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, মিয়ানমারের সেনাবাহিনী কি সামরিক অভিযানের নামে হামলা চালিয়েছিল, নাকি রোহিঙ্গাদের একটি জনগোষ্ঠী হিসেবে নিশ্চিহ্ন করাই ছিল তাদের উদ্দেশ্য।
হত্যা, ধর্ষণ, গ্রাম পোড়ানো ও জোর করে ঘরবাড়ি থেকে উচ্ছেদের ঘটনাগুলো সেই উদ্দেশ্যের প্রমাণ কি না, তা খতিয়ে দেখছেন বিচারকেরা।
আন্তর্জাতিক আইনে এসব অপরাধ ঘটলেই তা গণহত্যা হয় না। গণহত্যা প্রমাণ করতে হলে দেখাতে হবে, একটি জাতিগত বা ধর্মীয় জনগোষ্ঠীকে পুরোপুরি কিংবা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যেই এসব করা হয়েছে। এটাই মামলার মূল আইনি প্রশ্ন।
এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে দায়ী করেনি আইসিজে। তাই মিয়ানমারের বিরুদ্ধে রায় এলে তা আন্তর্জাতিক আইনে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠবে।
একই সঙ্গে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার বিচারেও এই রায়ের প্রভাব পড়তে পারে। তবে, দুই মামলার পরিস্থিতি ও প্রমাণ আলাদা।
মিয়ানমার অবশ্য গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ২০১৬ ও ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযান চালানো হয়েছিল সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে।
তবে, আদালত মিয়ানমারের বিরুদ্ধে রায় দিলে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে পারে। অস্ত্র সরবরাহ ও সামরিক কাজে ব্যবহৃত জ্বালানি রপ্তানি বন্ধের দাবিও জোরালো হতে পারে।
এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের দীর্ঘদিনের নিপীড়নের স্বীকৃতি ও ন্যায়বিচারের পথ খুলতে পারে। তবে, শুধু রায়ই তাদের হারানো ঘরবাড়ি, স্বজন কিংবা নিরাপদ জীবনের নিশ্চয়তা ফিরিয়ে দিতে পারবে না।
নিজেদের মাতৃভূমিতে মর্যাদা ও নিরাপত্তা নিয়ে ফেরার অধিকার প্রতিষ্ঠাই রোহিঙ্গাদের কাছে সবচেয়ে বড় প্রত্যাশা।
সূত্র: গার্ডিয়ান
