শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিজে পার্টি, আটক ৮৪ জনকে যেসব মেয়াদে সাজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ০৫:১২ পিএম

অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিজে পার্টি, আটক ৮৪ জনকে যেসব মেয়াদে সাজা

রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টিতে অভিযান চালিয়ে ৮৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে পুরুষদের এক মাস এবং নারীদের ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির এ তথ্য জানান।

ইলিয়াস কবির জানান, ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুরুষদের এক মাসের কারাদণ্ডের পাশাপাশি ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নারীদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও তিনদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইলিয়াস কবির বলেন, ২০২৫ সাল থেকে সেখানে এ ধরনের আয়োজন চলছিল। মাসে প্রায় ২০-২২টি অনুষ্ঠান হতো। বাড়িভাড়া বাবদ ১০ জনের প্রত্যেকের কাছ থেকে ১৮ হাজার ৫০০ টাকা করে নেওয়া হতো। এছাড়া অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধনকারীদের কাছ থেকে জনপ্রতি ৬০০ টাকা নেওয়া হতো।

তিনি বলেন, সেখানে ২৬ জন তরুণী ছিলেন। তাদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীও সেখানে ছিলেন।

এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু হয়েছে।

জে/এইচ

Link copied!