সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ইয়ামিনসহ ২২ হত্যা: রাষ্ট্রপক্ষের শুনানি শেষ, আসামিপক্ষের ২৭ অক্টোবর

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬, ০৬:৫৫ পিএম

ইয়ামিনসহ ২২ হত্যা: রাষ্ট্রপক্ষের শুনানি শেষ, আসামিপক্ষের ২৭ অক্টোবর

ঢাকার সাভার ও আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের সময় শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিনসহ ২২ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আজ রোববার আসামিপক্ষের শুনানি শুরু হলেও সময় আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী শুনানির জন্য আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১৮ অক্টোবর) ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। এ সময় প্রসিকিউটর শহিদুল ইসলাম সরদার, আব্দুস সাত্তার পালোয়ান, মামুনুর রশিদ, মঈনুল করিম ও জহিরুল আমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আমীর হোসেনসহ অন্যরা।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ১৮ অক্টোবর দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। নির্ধারিত দিনে রাষ্ট্রপক্ষ তাদের শুনানি শেষ করে। এরপর আসামিপক্ষের শুনানি শুরু হয়। মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা সাত আসামিকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

গত ৭ সেপ্টেম্বর পলাতক ১৩ আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানির দিন ধার্য করা হয়। 

১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। গত ২৬ জুলাই ট্রাইব্যুনাল ওই অভিযোগ আমলে নেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সাভার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান, সাবেক পরিদর্শক এ এফ এম সায়েদ, সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী, সাবেক নায়েক মো. সুহেল মিয়া ও সাবেক কনস্টেবল মো. মাহফুজ মিয়া।

এ ছাড়া আসামিদের তালিকায় রয়েছেন সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আতিকুর রহমান, তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য মেহেদী হাসান তুষার, সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. রাজু আহম্মেদ, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদ, সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জামান খাঁন, ঢাকা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মিজানুর রহমান এবং শরফ আশরাফুল আলম।

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অংশ নেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিন। ওই দিন সাভারে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ও মামলার অভিযোগ অনুযায়ী, পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর ইয়ামিনের নিথর দেহ রাখা হয়েছিল। পরে সেখান থেকে তাকে টেনে-হিঁচড়ে নিচে ফেলে দেওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই সময় সাভার ও আশুলিয়া এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় আরও বহু মানুষ নিহত হন। মামলার অভিযোগে এসব এলাকায় মোট ২২ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে।

এমআইএসটির ওসমানী হলে থাকতেন শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিন। তার হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এখন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি চলছে। আগামী ২৭ অক্টোবর আসামিপক্ষের শুনানির পরবর্তী কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এম/আই

Link copied!