শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতা 

কোইকার সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬, ১১:৫৭ এএম

কোইকার সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ

বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা ও প্রযুক্তি খাতে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সহযোগিতা আরও জোরদারের বিষয়ে দেশটির আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোইকার জ্যেষ্ঠ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার  সিউলে কোইকার ভাইস প্রেসিডেন্ট দো ইয়ং-আহর সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশকে দীর্ঘদিন ধরে অনুদান, সক্ষমতা বৃদ্ধি, কারিগরি সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে সহায়তা করায় কোইকার প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি কোইকার ৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের ‘সায়েমাউল প্লাস অ্যান্ড পোভার্টি প্রোগ্রাম’-এর জন্য ধন্যবাদ জানান।


পাশাপাশি পানি নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা ও ডিজিটাল স্বাস্থ্য খাতে আরও সহযোগিতা কামনা করেন।
হুমায়ুন কবির ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল সরকারি সেবার ক্ষেত্রে বৃহৎ ও সমন্বিত কর্মসূচি গ্রহণের প্রস্তাব দেন।

এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পাশাপাশি ঢাকা মহানগর রেল (এমআরটি) প্রকল্পগুলোতে অর্থায়নের বিষয়ে দক্ষিণ কোরিয়ার দ্রুত সম্মতি প্রত্যাশা করেন তিনি।

বৈঠকে কোইকার ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানান এবং বাংলাদেশের অগ্রাধিকার ও দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সহযোগিতার অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন কর্মসূচি নিয়ে কাজ করার প্রস্তুতির কথা জানান।

দৈনিক মুক্তবাণী

Link copied!