বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৬, ০৯:৫২ পিএম

রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর

রাষ্ট্রপতির নামে প্রচারিত ‘গোটা পৃথিবীতে যখন অন্যায় নেমে এসেছিল, তখনই দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল’ এবং বিএনপি নেতা ড. আব্দুল মঈন খানের ‘মা দুর্গা স্বর্গ থেকে নেমে আসেন দুঃশাসন দূর করার জন্য’—এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উভয় বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ইসলামের মৌলিক আকিদা হলো মহান আল্লাহ তাআলাই সমগ্র বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সর্বময় ক্ষমতার অধিকারী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, তিনি এক ও অদ্বিতীয়; সমগ্র সৃষ্টি কেবল তারই মুখাপেক্ষী। সুতরাং মুসলমানদের তাওহিদি আকিদার সঙ্গে সাংঘর্ষিক কোনো বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি আরো বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করা জরুরি। তবে অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন এবং সেই ধর্মের বিশ্বাসকে ইসলামের মৌলিক আকিদার সঙ্গে গুলিয়ে ফেলা কখনো এক বিষয় নয়। প্রকৃত ধর্মীয় সম্প্রীতি গড়ে ওঠে পারস্পরিক শ্রদ্ধা, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে—কারও ধর্মীয় বিশ্বাসের স্বাতন্ত্র্য উপেক্ষা করে নয়।

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী জোর দিয়ে বলেন, রাষ্ট্র ও রাজনীতির শীর্ষ দায়িত্বশীল ব্যক্তিদের ধর্মীয় বিষয়ে বক্তব্য প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। বক্তব্যের রাজনৈতিক উদ্দেশ্য যা-ই থাকুক না কেন, ধর্মীয় বিশ্বাসের স্পর্শকাতর বিষয়ে জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা পালন করা অপরিহার্য।

বিবৃতির শেষভাগে তিনি রাষ্ট্রপতি ও ড. আব্দুল মঈন খানকে তাঁদের সংশ্লিষ্ট বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহার করার জোর আহ্বান জানান। একই সঙ্গে দেশের আপামর ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থেকে ভবিষ্যতে আরও সতর্ক ও দায়িত্বশীল বক্তব্য প্রদানের অনুরোধ জানান তিনি।

জে/এইচ

Link copied!