বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ০১:৩৩ পিএম

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবক আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে করা এক পোস্টে হুমকিমূলক মন্তব্য করা যুবককে শনাক্তের পর আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার ভোরের দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আটক আবু বক্কর সিদ্দিকী পবা উপজেলার পারিলা ইউনিয়নের চন্দ্রিমা থানার খড়খড়ি কচুয়াতৈল গ্রামের আয়নাল হকের ছেলে। তার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

যুবককে শনাক্ত ও আটকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। প্রাথমিক তথ্যে জানা গেছে, আবু বক্কর সিদ্দিকীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে ঢাকায় নেওয়ার কথা রয়েছে।  

জানা গেছে, ২০ অক্টোবর বিকাল ৩টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি সামরিক বিমান রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি ছোট বাসে করে ভিআইপি (রাজশাহী-নওগাঁ সড়কের নগরীর অংশ) সড়ক ধরে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশস্থলে পৌঁছান। এ সময় সড়কের দুই ধারে অপেক্ষমাণ জনতা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন ও স্বাগত জানান।

প্রধানমন্ত্রী হাত নেড়ে উৎফুল্ল জনতার অভিবাদনের জবাব দেন। প্রধানমন্ত্রী যথাযথ প্রটোকল সহযোগে মঙ্গলবার বিকাল ৩টা ৩৯ মিনিটে মাদ্রাসা মাঠের জনসমাবেশে উপস্থিত হন। এদিন পূর্বনির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সন্ধ্যার দিকে চট্টগ্রামের উদ্দেশে রাজশাহী ত্যাগ করেন।

পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামে একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীকে বহনকারী বাসটির একটি ছবি দিয়ে মাইশা আনজুম নামেরএকজন লিখেছেন সবই তো বুঝলাম। রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেট প্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কী জানেন রাজশাহীবাসী?

ওই পোস্টের কমেন্টস সেকশনে গিয়ে ‘এমডি আবু বকর সিদ্দিকী’ নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়েছে- ‘ইস! একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’

মন্তব্যে মরিয়ম আক্তার নাতাশা লেখেন রাজশাহীর মানুষ এত খারাপ না। বুলেট প্রুফের দরকার পড়বে না। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই পোস্ট নিয়ে রাজশাহীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন মন্তব্য করেন। এসব মন্তব্যে বিরূপ মন্তব্যকারীকে আইনের আওতায় নেওয়ার দাবি জানাতে থাকেন।  

এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের আপত্তিকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও কঠোর আইনি ব্যবস্থার কোনো বিকল্প নেই।

এদিকে রাজশাহী মেট্রেোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) ও আরএমপির মুখপত্র গাজিউর রহমান বলেন, সংশ্লিষ্ট সবার চেষ্টায় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। তার (প্রধানমন্ত্রী) সফর কেন্দ্র করে ফেসবুকে করা এ মন্তব্যটি অত্যন্ত উদ্বেগজনক, অপরাধমূলক এবং দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আটক যুবকের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। 

জে/এইচ

Link copied!