বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ০২:১৮ পিএম

হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী

হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে তিনি নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার জেটিতে পৌঁছান। এরপর ঘাঁটিতে থাকা নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আবু বকর পরিদর্শন করেন। এখন মধ্যাহ্ন বিরতিতে নৌঘাঁটিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। এরপর মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান। তাকে বহনকারী বিমানবাহিনীর একটি হেলিকপ্টার সকাল সাড়ে ১০টার দিকে দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে।

এরপর বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রী নলিয়ান লঞ্চঘাট থেকে নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা করেন।

নলিয়ানে পৌঁছানোর আগে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে নতুন অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি টার্মিনালের মেগা প্রকল্প নিয়ে নতুন স্বপ্ন বুনছেন দক্ষিণাঞ্চলের মানুষ।

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং অসম্পূর্ণ জেটি নির্মাণ ও ড্রেজিংসহ থমকে থাকা প্রকল্পগুলোর কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে।

এম/আই

Link copied!