সৌদি আরবের কয়েকটি বিমানবন্দরে হামলার প্রেক্ষাপটে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দাম্মামগামী ফ্লাইট তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে। আর ২৫ অক্টোবর থেকে চালুর কথা থাকলেও রিয়াদ রুটের ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এদিকে হামলার ঘটনায় ঢাকা থেকে বিভিন্ন এয়ারলাইন্সের ১৩৫টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ৬৭২ জন যাত্রী।
বৃহস্পতিবার দিবাগত রাতে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পর যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ২৩, ২৪ ও ২৫ অক্টোবর ঢাকা–দাম্মাম রুটের সব ফ্লাইট স্থগিত রাখা হবে। চলমান হামলার পরিস্থিতি বিবেচনায় ঢাকা–রিয়াদ রুটেও ৩১ অক্টোবর পর্যন্ত ফ্লাইট চলবে না।
স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং সংশোধিত যাত্রাসূচি পরে জানানো হবে বলে জানিয়েছে বিমান।
তবে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা বা মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সৌদি আরবে যেতে পারবেন। একই পথে দেশে ফেরারও সুযোগ থাকবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।
বাতিল বা স্থগিত ১৩৫ ফ্লাইট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, সৌদি আরবের রিয়াদ, দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে ইয়েমেনের হুথিদের হামলার পর ঢাকা থেকে ৬২টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। সব মিলিয়ে এ সংখ্যা ১৩৫। এসব ফ্লাইটের যাত্রীদের মধ্যে ২০ হাজার ৬৭২ জন দুর্ভোগে পড়েছেন।
বাতিল বা স্থগিত সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৩টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী তাদের ফ্লাইট বাতিল করেছে।
ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি বাতিল হয়েছে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের। সংস্থাটির ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ইমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বাতিল হয়েছে।
