প্রধানমন্ত্রীর জাপান সফর আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর। আসন্ন এই সফরের আগেই জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে দেশে ফিরিয়ে এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
তাঁকে প্রধানমন্ত্রীর সফরে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রদূত দাউদ আলীর পরিবর্তে মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম টোকিওতে অবস্থান করে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারক করবেন। সফরের দায়িত্ব পালনে গত বুধবার তিনি ঢাকা থেকে টোকিওর উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হতে বলা হয়। এরপর তিনি টোকিও থেকে ঢাকায় ফিরে আসেন। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন এবং প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন না।
উচ্চ পর্যায়ের কোনো কূটনৈতিক সফরের আগে সংশ্লিষ্ট দেশে কর্মরত রাষ্ট্রদূতকে এভাবে সফরে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়ার ঘটনা ব্যতিক্রমী বলে মনে করছেন কূটনীতিকরা।
টোকিওতে প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচিগুলোও এমনভাবে সাজানো হয়েছে, যাতে রাষ্ট্রদূতের অংশগ্রহণের প্রয়োজন না হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এই সিদ্ধান্তের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হওয়ায় প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনার ঘটনা নানা আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত টোকিওতে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে মো. দাউদ আলীকেই জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে উল্লেখ করা হয়েছে।
পেশাদার কূটনীতিক দাউদ আলী বাংলাদেশ সিভিল সার্ভিসের পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।
১৯৯৫ সালের নভেম্বরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। প্রায় তিন দশকের কূটনৈতিক কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। চলতি বছরের ২৬ ডিসেম্বর তাঁর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।
জাপানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি রুমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। একই সঙ্গে মলদোভা, উত্তর মেসিডোনিয়া ও বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সালের মার্চে তাঁকে রুমানিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে চীনের কুনমিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন দাউদ আলী।
