বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

ভোটগ্রহণে কোনো অনিয়ম হচ্ছে না : জামায়াত প্রার্থী

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬, ১০:৫২ এএম

ভোটগ্রহণে কোনো অনিয়ম হচ্ছে না : জামায়াত প্রার্থী

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনের জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, ভোটের পরিবেশ সুন্দর। ভোটগ্রহণে কোনো অনিয়ম হচ্ছে না।
আমি আশাবাদী বিজয়ী হবো।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়ে তিনি এ কথা বলেন।

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে সকাল ৮টা থেকে ১৮৫টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে ভোটগ্রহণ। এ আসনে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট।

এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বলেন, ভোট দিলাম। এখনই পরিবেশ নিয়ে কিছু বলা সমীচীন হবে না। তবে মনে হচ্ছে, উৎসবমুখর পরিবেশে ভোট হবে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন।

তিনি আরো বলেন, আবহাওয়া একটু খারাপ, তারপরও আশা করি ভোটার উপস্থিতি ভালো হবে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে জনগণের মতামতই চূড়ান্ত।

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে আসা আসমা বেগম বলেন, ভোট দিলাম। শান্তিপূর্ণভাবে ভোট চলছে।
পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমি আনন্দিত।

আবুল হোসেন নামে এক ভোটার বলেন, জেলার উন্নয়নের জন্য ভোট দিলাম পছন্দের প্রার্থীকে। ভোটের পরিবেশ অনেক ভালো। কোনো অনিয়ম হচ্ছে না।

ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে; যা বিকেল ৪টা পর্যন্ত চলবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র।

জেএইচ

Link copied!