বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে জেল হত্যা দিবসের প্রদর্শনী স্থগিত

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৯:১৭ পিএম

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে জেল হত্যা দিবসের প্রদর্শনী স্থগিত

জেল হত্যা দিবস (৩ নভেম্বর) উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরের পূর্বনির্ধারিত বিশেষ প্রদর্শনী স্থগিত করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মঙ্গলবার প্রদর্শনীটি স্থগিত করার অনুরোধ জানায়। 

সে অনুযায়ী মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদর্শনীটি স্থগিতের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, লেখক ও গবেষক মফিদুল হক যুগান্তরকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি কিছুটা শঙ্কাজনক মনে করায় অনুষ্ঠানটি স্থগিত রাখার অনুরোধ জানায়। সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই প্রদর্শনী স্থগিতের সিদ্ধান্ত নিতে হয়েছে।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম যুগান্তরকে বলেন, পুলিশ প্রদর্শনীতে বাধা দেয়নি। নিরাপত্তার কথা বিবেচনা করে স্থগিতের অনুরোধ করেছে। তিনি জানান, সার্বিক বিবেচনায় সেখানে পুলিশ মোতায়েনও করা হয়েছে।

মঙ্গলবার বিকালে ‘স্বাধীনতা সংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক ১৫ দিনব্যাপী বিশেষ প্রদর্শনী হওয়ার কথা ছিল। এতে জাতীয় চার নেতার অবদান, ত্যাগ তথা কর্মময় জীবনের নানা দিক উপস্থাপনের প্রস্তুতি নিয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘর।

এতে মূল বক্তব্য দেওয়ার কথা ছিল মুক্তযুদ্ধকালীন সরকারের কর্মকর্তা ও সাবেক সচিব ওয়ালিউল ইসলামের। প্রদর্শনীটি আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল। 

১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান।

এম/আই

Link copied!