পোশাক খাতের শ্রমিকদের আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও ব্যবসায়ীসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) দেশের সব ব্যাংকে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা পাঠিয়েছে।
এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই কর ফাঁকি ও সন্দেহজনক লেনদেন প্রতিরোধের অংশ হিসেবে ব্যাংক হিসাব জব্দের (ফ্রিজ) কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে ব্যাংকগুলোকে ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা পাঠিয়ে লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংক হিসাব জব্দ হওয়াদের তালিকায় রয়েছেন—সিপাল গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বেক্সিমকো গ্রুপের মালিক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদী, রেনেসাঁ গ্রুপের মালিক ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং হামিদ গ্রুপের মালিক ও সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
তালিকায় ফেবিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, তুসুকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুর রহমান বাদল, ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুস ছালাম, নিপা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরী, অ্যাক্সিস নিটওয়্যারস লিমিটেডের পরিচালক জাহিদ আহমেদ টুলু, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একেএম মোশাররফ হোসেন, গিভেন্সি গ্রুপের চেয়ারম্যান মাসুমা খাতুন লিপাসহ অনেকেই রয়েছেন।
এনবিআর সূত্র জানিয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও আয়কর আইনের আওতাধীন ক্ষমতাবলে এই নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে থাকা সব ধরনের অর্থ উত্তোলন বা স্থানান্তর করা যাবে না।
