বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ০৬:২৩ পিএম

ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

জুলাই আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মোহাম্মদ আমির হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে চ্যানেলটির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে পুলিশ। পরে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনায় চোখে গুলিবিদ্ধ হন লর্ড হার্ডিঞ্জ ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আরিফ। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরিফের বাবা ইউসুফ ২০২৪ সালের ২৫ আগস্ট শেখ হাসিনাসহ ২৩৩ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করেন। মামলায় ইকবাল সোবহান চৌধুরী ৫৩ নম্বর এজাহারনামীয় আসামি।

জেএইচ

Link copied!