খুলনা নগরীতে চাঁদাবাজির অভিযোগে একের পর এক ওষুধের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। পিটিআই মোড়ের চয়নিকা ফার্মেসির পর এবার বন্ধ হয়েছে রূপসা স্ট্যান্ড রোডের মেসার্স মল্লিক ব্রাদার্স ফার্মেসি। চাঁদা দাবির প্রতিবাদে সোমবার(৯ নভেম্বর) বিকেল থেকে রূপসা ট্রাফিক মোড় এলাকার ১০ থেকে ১২টি ওষুধের দোকানও বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। সন্ত্রাসীদের হুমকিতে ব্যবসা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। অন্যদিকে জরুরি ওষুধ কিনতে এসে দুর্ভোগে পড়ছেন রোগী ও তাঁদের স্বজনরা।
সোমবার (৯ নভেম্বর) বিকেল থেকে রূপসা ট্রাফিক মোড়সংলগ্ন ওষুধের দোকানগুলো বন্ধ রয়েছে। এক দোকানমালিক জানান, বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) সিদ্ধান্তে তাঁরা দোকান বন্ধ রেখেছেন। তবে সমিতির খুলনা জেলা শাখা জানিয়েছে, দোকান বন্ধ রাখার বিষয়ে তাদের কোনো সিদ্ধান্ত নেই। আহসান আহমেদ রোডের ওষুধের দোকানগুলো অবশ্য খোলা রয়েছে।
অভিযোগ উঠেছে, একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা মেসার্স মল্লিক ব্রাদার্স ফার্মেসির কাছে চাঁদা দাবি করেছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়েছে। তবে এ বিষয়ে বক্তব্য জানতে ফার্মেসি কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
দোকান বন্ধের সিদ্ধান্ত নেয়নি বিসিডিএস
বিসিডিএসের খুলনা জেলা শাখার আহ্বায়ক খান মাহাতাব আহমেদ বলেন, রূপসা ট্রাফিক মোড়ের কয়েকটি ওষুধের দোকান বন্ধ থাকার বিষয়টি তাঁরা জেনেছেন। তবে সমিতির পক্ষ থেকে দোকান বন্ধ রাখার কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।
তিনি বলেন, নগরীতে যেভাবে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, তাতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, রবিবার রাতে বিষয়টি জানার পর স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সোমবার সকালে ফাঁড়ির ইনচার্জ সেখানে যান।
ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী আশিক বাহিনীর সদস্যরা ফার্মেসিটিতে চাঁদা দাবি করেছে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না। ফলে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
