নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে আবারও শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
কয়েক দিনের বিরতির পর মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।
এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চল পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এতে অন্তত দুজন শ্রমিক আহত হয়েছেন।
সূত্র জানায়, সকালে নির্ধারিত সময়েই শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন।
তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে গেলেও দাবি আদায়ে কর্মবিরতি পালন করেন।
সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এ সময় পুলিশ প্রথমে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে শিল্পাঞ্চল পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষে আহত দুই শ্রমিক হলেন- আলমগীর হোসেন ও রাফিয়া বেগম। তারা দুজনই স্টারলিং স্টাইল কারখানার শ্রমিক বলে জানা গেছে।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রাকিবুল হাসান ঈশান সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শ্রমিকরা বর্তমানে বিক্ষুব্ধ হয়ে সড়কের বিভিন্ন স্থানে জড়ো হয়ে অবস্থান করছেন।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, দুজন পোশাকশ্রমিক রাবার বুলেটের আঘাত নিয়ে তাদের হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে রাফিয়া বেগমের মাথায় আঘাত থাকায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
এদিকে, যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক প্লাটুন বিজিবি সদস্যকে কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, চলমান শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ায় অবস্থিত নিউএইজ গ্রুপের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে।
