মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু, মন্ত্রীকে সরানো হলো ভিন্ন পথে

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৩:৪১ পিএম

বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু, মন্ত্রীকে সরানো হলো ভিন্ন পথে

রাজশাহী হযরত শাহ মখদুম বিমানবন্দরে গ্রেনেড সদৃশ দুটি বস্তু পাওয়া গেছে। এ সময় সেখানে অবস্থান করা জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে মূল ফটকের পরিবর্তে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান মন্ত্রী। এর পাঁচ মিনিট পর বিমানবন্দরের সামনে পড়ে থাকা গ্রেনেড সদৃশ দুটি বস্তুর বিষয়টি দায়িত্বরত পুলিশকে জানান স্থানীয় এক ব্যক্তি। পরে পুলিশ ওই স্থান ঘিরে ফেলে।

জানা গেছে, ঢাকা থেকে বগুড়া যাচ্ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী। এ ঘটনার সময় মন্ত্রী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন। তাকে বিষয়টি জানিয়ে নিরাপত্তার স্বার্থে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিমানবন্দর থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জেএইচ

Link copied!