ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের কোনো নারীকে পিছিয়ে রাখা যাবে না। নারীদের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি ক্যানসার প্রতিরোধ, দ্রুত রোগ শনাক্তকরণ ও কার্যকর চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
কোনো রোগীই যেন অর্থের অভাবে চিকিৎসার বাইরে না থাকেন।
বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘১১তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যানসার কংগ্রেস (বিআইসিসি) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
দুদিনব্যাপী এই আন্তর্জাতিক ক্যানসার কংগ্রেস ১৯ নভেম্বর শুরু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সম্মেলন শেষ হবে।
এতে ৪০ জন বিদেশি বিশেষজ্ঞসহ প্রায় এক হাজার ক্যানসার বিশেষজ্ঞ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবী অংশ নিচ্ছেন। সম্মেলনে ক্যানসার প্রতিরোধ, রোগ নির্ণয়, চিকিৎসা ও গবেষণার সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হচ্ছে।
ডা. জুবাইদা রহমান বলেন, ‘দেশের মোট জনসংখ্যার ৫০.৮ শতাংশ নারী। মা-বোনদের প্রাণঘাতী ক্যানসার থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রতিরোধযোগ্য ক্যানসার প্রতিরোধ, দ্রুত রোগ শনাক্তকরণ, কার্যকর চিকিৎসা নিশ্চিত করা এবং প্রতিরোধযোগ্য দুর্ভোগ কমিয়ে আনা।’
নারীদের স্বাস্থ্যসেবার অবহেলার চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘শহর ও গ্রামের লাখ লাখ নারী নীরবে ক্যানসারের যন্ত্রণা ভোগ করেন। পরিবারের অন্যান্য প্রয়োজনকে অগ্রাধিকার দিতে গিয়ে তাদের নিজেদের স্বাস্থ্যসেবা নেওয়ার বিষয়টি তালিকার একেবারে নিচে পড়ে থাকে। এই পরিস্থিতি বদলাতে স্বাস্থ্যসচেতনতা, নিয়মিত পরীক্ষা এবং চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়াতে হবে।’
ডা. জুবাইদা রহমান বলেন, একজন নারীর বেঁচে থাকার অধিকার তিনি কোথায় বসবাস করেন, তার ওপর নির্ভর করতে পারে না। প্রত্যেক মানুষের মর্যাদা ও সম্মানের সঙ্গে চিকিৎসা পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।
নারীদের ক্যানসার প্রতিরোধে স্কুল-কলেজের ভেতরে ও বাইরে মেয়েদের জন্য টিকাদান কর্মসূচি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত নারীদের ক্যানসার শনাক্তকরণ পরীক্ষা বা স্ক্রিনিংয়ের আওতায় আনার ওপর জোর দেন। ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় নেওয়া উদ্যোগের সাফল্য পরিমাপের জন্য কয়েকটি সুনির্দিষ্ট সূচক নির্ধারণের প্রস্তাবও দেন ডা. জুবাইদা রহমান। কতজন মেয়েশিশুকে টিকার আওতায় আনা হয়েছে, কতজন নারী স্ক্রিনিং করেছেন, কতজনের ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হয়েছে, কতজন সময়মতো চিকিৎসা পেয়েছেন এবং কতটি পরিবার অসহনীয় চিকিৎসা ব্যয়ের চাপ থেকে সুরক্ষা পেয়েছে-এসবের ভিত্তিতেই সাফল্য মূল্যায়ন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
