শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মিয়ানমারের ২৪০টির বেশি ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর কানাডার নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৬:১৯ পিএম

মিয়ানমারের ২৪০টির বেশি ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর কানাডার নিষেধাজ্ঞা

কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। ছবি: সংগৃহীত

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে কানাডা। একইসঙ্গে এ ঘটনায় দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার  দেওয়া এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের এ রায়ে মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে বলে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। কানাডা এ ঐতিহাসিক রায়কে স্বাগত জানায়।

বিবৃতিতে তিনি বলেন, কানাডা দীর্ঘদিন ধরেই রোহিঙ্গা গণহত্যার বিষয়টি স্বীকৃতি দিয়ে আসছে। ২০১৮ সালে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স সর্বসম্মতিক্রমে এ বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করে।

এরপর থেকে রোহিঙ্গাদের সহায়তায় কানাডা ৭০০ মিলিয়ন ডলারের বেশি আন্তর্জাতিক সহায়তা দিয়েছে। পাশাপাশি মিয়ানমারের সামরিক শাসনব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ২৪০টির বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টায়ও সমর্থন দিয়ে আসছে দেশটি।
অনিতা আনন্দ বলেন, আইসিজের এ রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মিয়ানমারকে আদালতের সিদ্ধান্ত পূর্ণাঙ্গভাবে মেনে চলতে হবে এবং যারা এ অপরাধের জন্য দায়ী, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে থাকবে কানাডা। তাদের অধিকার ও মর্যাদা সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখবে দেশটি।

জেএইচ

Link copied!