সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
বিজিএমইএ’র পর্যবেক্ষণের জবাবে

সিপিডি হালনাগাদ তথ্যের ভিত্তিতে নির্ধারিত হোক ন্যূনতম মজুরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৩:১২ পিএম

সিপিডি হালনাগাদ তথ্যের ভিত্তিতে নির্ধারিত হোক ন্যূনতম মজুরি

সিপিডি ও বিজিএমইএ এর লোগো

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে হালনাগাদ ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে নতুন বৈজ্ঞানিক জরিপের প্রয়োজন বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি বলেছে, শ্রমিকের জীবনযাত্রার ব্যয় ও শিল্পের সক্ষমতা—দুই দিক বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণ করতে হবে। তবে জ্বালানি সংকট, উচ্চ সুদহার ও দুর্নীতির মতো ব্যবস্থাপনাগত সমস্যার দায় শ্রমিকের কম মজুরির ওপর চাপানো ঠিক হবে না। সিপিডি চায়, হালনাগাদ করা সঠিক তথ্যের উপর ন্যূনতম মজুরি নির্ধারিত হোক।

তৈরি পোশাকশিল্পের ন্যূনতম মজুরি নিয়ে সিপিডির সাম্প্রতিক বিশ্লেষণের বিভিন্ন দিক সম্পর্কে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) যেসব পর্যবেক্ষণ দিয়েছে, তার জবাবে এসব কথা জানিয়েছে সংস্থাটি। আজ রোববার বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানকে পাঠানো এক চিঠিতে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ এ বক্তব্য তুলে ধরেন।

চিঠিতে সিপিডি বলেছে, তারা মজুরি বৃদ্ধির পক্ষে। তবে ভাঙচুর, সহিংসতা বা শিল্পে অস্থিরতা কোনোভাবেই সমর্থন করে না। এতে শ্রমিক ও শিল্প—উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়।

সিপিডির বক্তব্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে সংস্থাটি তাদের বিশ্লেষণ তুলে ধরে। এর পরিপ্রেক্ষিতে ১৯ নভেম্বর বিজিএমইএ তাদের বিভিন্ন পর্যবেক্ষণ জানায়। মূলত পরিবারের সদস্যসংখ্যা, উপার্জনকারী সদস্য, দারিদ্র্যসীমা, আবাসন ব্যয় এবং মজুরি বৃদ্ধির হিসাব নিয়ে বিজিএমইএর প্রশ্নের ব্যাখ্যা দিয়েছে সিপিডি।

পরিবারের সদস্যসংখ্যা ও উপার্জনকারীর হিসাব সম্পর্কে সিপিডি জানায়, তাদের বিশ্লেষণে একটি পরিবারের সদস্যসংখ্যা চারজন এবং উপার্জনকারী সদস্য ১ দশমিক ৫৮ জন ধরা হয়েছে। বিভিন্ন প্রকাশিত গবেষণায় পাওয়া তথ্যের মধ্যমানের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। গবেষণাগুলোর নমুনা ও পদ্ধতিতে পার্থক্য থাকায় কোনো একটি গবেষণার তুলনামূলক বেশি বা কম মানের প্রভাব কমাতে মধ্যমান ব্যবহার করা হয়েছে। তবে এটি কোনো প্রতিনিধিত্বশীল নমুনাভিত্তিক জরিপের বিকল্প নয় বলে স্বীকার করেছে সংস্থাটি।

তাদের হিসাবে, পরিবারের সদস্যসংখ্যা চারজনের পরিবর্তে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আর্থসামাজিক ও জনমিতিক জরিপ-২০২৩ অনুযায়ী ৩ দশমিক ৯৬ জন ধরলেও মজুরির হিসাবে বড় পরিবর্তন হবে না। অন্য সব অনুমান অপরিবর্তিত রাখলে দারিদ্র্যসীমাভিত্তিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে কমে ১৮ হাজার ৩৯২ টাকা হবে। অর্থাৎ পার্থক্য ১৮৬ টাকা।

 


 

দৈনিক মুক্তবাণী

Link copied!