সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নিহত সৈনিক পরিবারের পাশে দাঁড়াল সেনাবাহিনী

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৬:৪৮ পিএম

নিহত সৈনিক পরিবারের পাশে দাঁড়াল সেনাবাহিনী

কর্তব্যরত অবস্থায় নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নিহত এই সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের আবাসন সুবিধার উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে পরিবারের বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি নিহত সৈনিকের স্ত্রীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে তার উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এতে বলা হয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় পরিবারের আবাসন সমস্যার সমাধানে বিদ্যমান বসতবাড়ি সংস্কার এবং নিহত সেনাসদস্যের স্ত্রীর কর্মসংস্থানের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে গুলিবিনিময়ের ঘটনায় সৈনিক মো. তিতাস শেখ নিহত হন।

এম/আর

Link copied!