ঢাকা-১৭ আসনের চারটি থানার ১৬৫ জন দুস্থ, অসহায়, মেধাবী শিক্ষার্থী ও রোগীকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রোববার রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানার মোট ১৬৫ জনকে এ সহায়তা দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন ১০৭ জন দুস্থ ও অসহায় ব্যক্তি, দুইজন মেধাবী শিক্ষার্থী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৬ জন রোগী এবং মা ও শিশুদের জীবনমান উন্নয়নে সহায়তার জন্য ৪০ জন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যে বাংলাদেশ মানবিক, যে বাংলাদেশ উন্নয়নমুখী। আমরা সকলে মিলে করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।
আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকব সবসময়। এখনো আছি, ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।
মানুষের জন্য মানুষ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ; ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের সংসদীয় প্রতিনিধির দায়িত্বে থাকা আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতারা।
