গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে ভেতরের মালামাল বের করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার পর এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা আন্দোলন করছিলেন। এ সময় শ্রমিকদের সঙ্গে কিছু বহিরাগত যুক্ত হন। এরপর তারা মহাসড়ক অবরোধ করেন। একপর্যায়ে গাজীপুরা পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়। এ সময় পুলিশ বক্সের ভেতরে থাকা মামলার নথিপত্র বের করে মহাসড়কে আগুন ধরিয়ে দেয় তারা।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে রাস্তায় ফেলে সেগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কের দুই দিকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।
