‘সাধারণ মানুষের পাশাপাশি সংসদ সদস্যদের জীবনও নিরাপদ নয়’ এমন মন্তব্য করে সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতি বলেছেন, তার গ্রামের বাড়িতে হওয়া হামলাটি একটি পরিকল্পিত ঘটনা। হামলার তিন ঘণ্টা আগে ফেসবুকে হুমকি দেওয়া হয়েছিল এবং এর আগে একাধিকবার তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার দৌলতপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে গত বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামে তার পৈতৃক বাড়িতে পেট্রোল বোমা বা বিস্ফোরক নিক্ষেপের মাধ্যমে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম বলেন, গত ২৮ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তার কাছে একটি হুমকি ফোন আসে। এর আগে-পরে আরও কয়েকটি হুমকি পেয়েছেন তিনি। এসব বিষয়ে গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পরও তাকে হুমকি দেওয়া হয়েছে।
তিনি বলেন, বুধবার রাতে আমার বাড়িতে হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়। মধ্যরাতে সিসিটিভি ফুটেজের সময় অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে পেট্রোল বোমা হামলা বলে মনে হচ্ছে। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ।
পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার প্রায় ১২ ঘণ্টা পার হলেও তখন পর্যন্ত আলামত সংগ্রহ করা হয়নি। অন্যদিকে, দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের নিজস্ব ইউনিট না থাকায় দমকল বাহিনী পৌঁছাতে দেরি হয়। ততক্ষণে বাড়ির অধিকাংশ অংশ পুড়ে যায়।
নিজের বাড়ির স্মৃতিচারণ করে নুসরাত তাবাসসুম বলেন, বাড়িটি পরিত্যক্ত ছিল না। সেখানে দীর্ঘ পাঁচ-ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করছিল। ওই পরিবারের সদস্যরা আমাদের পরিবারেরই অংশ হয়ে উঠেছিলেন। বাড়িটি আমার দাদার হাতে তৈরি। এখানেই আমি বড় হয়েছি, আমার ছোট ভাই বড় হয়েছে এবং বাবা-মা সংসার করেছে। বাড়িতে গবাদিপশুর খামারও ছিল। আগুনে পরিবারের একটি শিশু আহত হয়েছে এবং বেশ কয়েকটি গবাদিপশু মারা গেছে। বাড়ির প্রায় সবকিছুই পুড়ে গেছে।
হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সন্ত্রাসী লীগের লোকজন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস করছে। তারা মনে করছে, এ ধরনের হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে, ভয় দেখানো যাবে। তাদের বলতে চাই, গত ১৭ বছরে বাংলাদেশের মানুষ এ ধরনের অসংখ্য ঘটনা দেখেছে। সেই অভিজ্ঞতার ফল হিসেবেই ২৪ এসেছে। এসব ঘটনা দিয়ে আমাদের ভয় দেখানো বা কষ্ট দেওয়ার চেষ্টা করে কোনো লাভ হবে না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে এই সংসদ সদস্য বলেন, সাধারণ মানুষের জীবন যেমন অনিরাপদ, সংসদ সদস্যদের জীবনও তেমন অনিরাপদ। একজন সংসদ সদস্যের বাড়িতে মধ্যরাতে এভাবে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের পদ ছেড়ে দেওয়া উচিত। সংসদে বক্তব্য দিয়ে কিংবা পরিস্থিতি অস্বীকার করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আড়াল করা যাবে না।
তিনি আরও বলেন, এ ঘটনা শুধু তার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, জুলাই আন্দোলন ও জুলাই-সংশ্লিষ্ট সবার জন্য একটি সতর্কবার্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ, সুষ্ঠু তদন্ত এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করে নুসরাত তাবাসসুম বলেন, এ ধরনের ঘটনায় রাষ্ট্রের দায়িত্ব কী এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাশা করেন তিনি।
সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি বলেন, শুধু নিজের নয়, দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও এনসিপি উদ্বিগ্ন। এ ধরনের হামলা দিয়ে আমাদের আন্দোলন থামানো যাবে না। নিরাপত্তার দাবিতে আমরা আগেও রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকব।
এসময় উপস্থিত ছিলেন, নুসরাত তাবাসসুমের পিতা আব্দুল হামিদ টম মাস্টার, এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত দলীয় ও পরিবারের অন্যান্য সদস্যরা।
